আন্তর্জাতিক ডেস্ক :
বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, ইউক্রেনে রুশ অভিযানে বর্তমানে তার দেশের কোনো সেনা অংশ নেয়নি এবং ভবিষ্যতেও অংশ নেবে না।
মস্কোর ঘনিষ্ঠ মিত্র লুকাশেঙ্কো জানান, এ বিষয়ে শুক্রবারও (৪ মার্চ) তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে টেলিফোনে কথা বলেছেন। খবর আল জাজিরার।
যদিও অভিযোগ আছে বেলারুশের ভূখণ্ড ব্যবহার করে ইউক্রেনে হামলা চালাচ্ছে রুশ সেনারা।
এদিকে ইউক্রেনের চের্নিহিব শহরে রাশিয়ার বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১৮ জন। হতাহতদের সবাই বেসামরিক।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ মার্চ) ওই হামলার ঘটনা ঘটেছে।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, দেশটির উদ্ধারকর্মীদের দাবি, ৪৭ জন নিহতের পাশাপাশি এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। তবে হতাহতের তথ্য নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি বলে জানিয়েছে আল জাজিরা।
এদিকে, বৃহস্পতিবার দিনভর চের্নিহিব শহরে রুশ বাহিনী নির্বিচার বিমান হামলা চালিয়েছে জানিয়ে ইউক্রেন কর্তৃপক্ষ দাবি করেছে, এসব হামলার বেশিরভাগই বেসামরিক ও আবাসিক এলাকায় করা হয়েছে।
