হোম খেলাধুলা সপ্তম উইকেটে আফিফ-মিরাজের রেকর্ড

খেলাধূলা ডেস্ক :

বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সপ্তম উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়লেন আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান মিরাজ। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুজনের ব্যাট থেকে এসেছে ১৭৪ রান।

ওয়ানডেতে সপ্তম উইকেটে বাংলাদেশের আগের সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল ইমরুল কায়েস ও সাইফউদ্দিনের। জিম্বাবুয়ের বিপক্ষে ১২৭ রানের জুটি গড়েছিলেন এ দুজন। সেই রেকর্ড এবার ছাড়িয়ে গেলেন আফিফ-মিরাজ। তাদের ব্যাটে ভর করে অবিশ্বাস্য এক জয়ও পেয়েছে টাইগার শিবির। সফরকারীদের ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

আফগানিস্তানের দেওয়া ২১৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৫ রানে ৬ উইকেটের পতন ঘটে বাংলাদেশের। সেখান থেকে দলকে টেনে তুলেন আফিফ ও মিরাজ। শেষ পর্যন্ত ক্রিজে থেকে দলের জয়ও নিশ্চিত করেন তারা। অপরাজিত আফিফ শেষ পর্যন্ত ১১৫ বলে করেন ৯৩ রান। তার ইনিংসে ছিল ১১টি চার ও একটি ছয়ের মার। অন্যদিকে মিরাজ ১২০ বলে ৮১ রানের ইনিংসে খেলেছেন ৯টি চারের মার।

এ জয়কে যে কেউ অবিশ্বাস্য, অকল্পনীয় বলতে বাধ্য! যে বিশেষণই দেওয়া হোক না কেন, সেটিই হয়তো কম হয়ে যাবে। হার না মানা এক গল্পের সাক্ষী হলো দেশের ক্রিকেটও। এই গল্প রচিত হয়েছে চট্টগ্রামের সাগরিকা পাড়ের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

আফগানদের স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে ৭ বল বাকি থাকতেই চার উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। চার পাণ্ডবের ব্যর্থতার দিনে জয়ের নায়ক মিরাজ এবং আফিফ হোসেন ধ্রুব। এর মধ্য দিয়ে ঘরের মাঠে অস্বস্তির এক রেকর্ডও ভাঙল বাংলাদেশ। দেশের মাটিতে দুই দলের আগের চারবারের দেখায় দুই ম্যাচ করে জিতেছিল দুই দল। মিরাজ-আফিফ নৈপুণ্যে ব্যবধান বেড়ে দাঁড়াল ৩-২ এ।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন