হোম জাতীয় চেয়ারম্যানের ওপর হামলা: চাচাত ভাইকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

জাতীয় ডেস্ক :

কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরবেশ আলীর ওপর চাইনিজ কুড়াল ও ছুরি নিয়ে হামলা চালিয়েছে তার চাচাত ভাই তারা মিয়া (৩৫)।

এ সময় হামলা ঠেকাতে গিয়ে চেয়ারম্যানের বাম হাতের তালু ক্ষতবিক্ষত হয়েছে বলে খবর পাওয়া গেছে। রোববার (২০ ফেব্রুয়ারি) কোমরভাঙ্গী নয়াপড়া গ্রামের চেয়ারম্যানের বাড়িতে গিয়ে এই হামলার ঘটনা ঘটায় তারা মিয়া।

এ সময় চেয়ারম্যানের চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে তাকে হামলার হাত থেকে রক্ষা করেন এবং তারা মিয়াকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। পাশাপাশি আহত ইউপি চেয়ারম্যানকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলাকারী তারা মিয়া কোমরভাঙ্গী নয়াপাড়া গ্রামের মৃত কদম আলীর ছেলে এবং সম্পর্কে চেয়ারম্যানের চাচাতো ভাই।

এ ঘটনায় দুপুরের দিকে ইউপি চেয়ারম্যান সরবেশ আলী বাদী হয়ে তাকে হত্যাচেষ্টার অভিযোগ এনে তারা মিয়াকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোন্তাছের বিল্ল্যাহ।

এলাকাবাসী জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তারা মিয়া পূর্ব পরিকল্পিতভাবে চেয়ারম্যান সরবেশ আলীর ওপর হামলা চালিয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন সরবেশ আলী জানান, তারা মিয়া চাইনিজ কুড়াল ও ছুরি নিয়ে বাড়িতে এসে তার ওপর আকস্মিকভাবে হামলা চালিয়েছে। এ সময় হামলা ঠেকাতে গিয়ে বাম হাতের তালু কেটে গেছে।

এদিকে গণধোলাইয়ে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তারা মিয়া দাবি করেছেন, তিনি চেয়ারম্যানের ওপর হামলা করতে যাননি। শুধু ভয় দেখাতে গিয়েছিলেন। আর চেয়ারম্যানের চিৎকার শুনে তার লোকজন এসে তাকে ধরে বেদম মারপিট করেছে।

তারা মিয়া দাবি করে আরও বলেন, চেয়ারম্যান তার চাচাত ভাই। তার কাছে পারিবারিকভাবে পাওনা জমি রয়েছে। সেই জমি বের করে দেওয়ার কথা বলে দীর্ঘ ২৫ বছর ধরে তাকে ঘুরাচ্ছেন।

রৌমারী উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. মুক্তারুল ইসলাম জানান, চেয়ারম্যানের বাম হাতের তালুতে জখম হয়েছে। এজন্য সাতটি সেলাই দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্ল্যাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তারা মিয়াকে উদ্ধার এবং একটি ধারাল চাইনিজ কুড়াল ও একটি ছুরি জব্দ করেছে। পরে মামলার আসামি হিসেবে তারা মিয়াকে গ্রেফতার করা হয়েছে। সে বর্তমানে হাসপাতালে ভর্তি আছে। সুস্থতা সাপেক্ষে তারা মিয়াকে আদালতে সোপর্দ করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন