জাতীয় ডেস্ক :
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পিকআপের চালক ও তার সহকারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া পিকআপের তিন শ্রমিক আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের ফকিরপাড়া এলাকায় ব্র্যাকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পিকআপচালক ও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আড্ডা গ্রামের রফিকুল ইসলামের ছেলে খায়রুল ইসলাম (৩০) ও তার সহকারী একই জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট গ্রামের এনামুল হকের ছেলে মো. মামুন (২৮)।
গুরুতর আহতরা হলেন– পিকআপের শ্রমিক নবাবগঞ্জ উপজেলার হিলিরডাঙা হঠাৎপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে আজিবর রহমান (৩৫), পার্বতীপুর উপজেলার আকন্দপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে তসকিব (৪০) ও একই উপজেলার মধ্যপাড়া শুকুরডাঙা গ্রামের আদম আলী (৪৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিকূল আবহাওয়ার মধ্যেই দিনাজপুরে বরই আনলোড করে চাঁপাইনবাবগঞ্জে ফেরার পথে শুক্রবার ভোরে ফকিরপাড়া ব্র্যাকের আঞ্চলিক কার্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চালক খায়রুল ইসলামের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালকের সহকারী মামুনকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পিকআপটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের বিষয়ে কোনো অভিযোগ না থাকায় মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
