হোম ফিচার ‘যে কোনো কাজের রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার অনুভূতিটাই অন্যরকম’

বিনোদন ডেস্ক :

এ বছর ২৪ জন বিশিষ্ট নাগরিককে একুশে পদক ২০২২ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেছে।

এ বছর অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য একুশে পদক পাচ্ছেন আফজাল হোসেন।

পদকপ্রাপ্তির পর সংবাদমাধ্যমকে নিজের অনুভূতি জানিয়ে আফজাল হোসেন বলেন, আমি খুবই আনন্দিত। সবাই অভিনন্দন জানাচ্ছে। দীর্ঘদিন কাজ করছি। কাজের রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার অনূভুতিটাই অন্যরকম। আরও কাজ করে যেতে চাই।

এদিকে অভিনয় ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন অভিনেতা মাসুম আজিজও।

মঞ্চ, টেলিভিশন আর সিনেমায় তার খ্যাতি রয়েছে। বিশ্ববিদ্যালয় জীবন থেকে থিয়েটারের সঙ্গে মাসুম আজিজ। প্রথম টিভি নাটকে অভিনয় করেছেন ১৯৮৫ সালে। দীর্ঘ কর্মজীবনে চার শতাধিক নাটকে অভিনয় করেছেন মাসুম আজিজ। ২০০৬ সালে ‘ঘানি’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি।

অনুভূতি জানতে চাইলে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সময় সংবাদকে তিনি বলেন, বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেলে প্রথম জানতে পারি আমি একুশে পদক পাচ্ছি। সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ফোন করে আমাকে জানানো হয়। আজকে তালিকায় আমার নাম দেখার পর থেকে শুধু কান্না আসছে। আমার স্ট্রাগল তো সবার জানা। জীবনের সব কিছু বাদ দিয়ে থিয়েটার করেছি। অভিনয়ে বিরতি দেইনি, সেটারই ফল বোধহয় পেয়েছি।

সরকারকে ধন্যবাদ জানিয়ে মাসুম আজিজ বলেন, আমি সম্মাননা পাওয়াতে অনেকে খুশি হয়েছেন। থিয়েটার ও নাটকের মানুষ খুশি হয়েছেন। এর চেয়ে প্রাপ্তি আর নেই। আমার পাওয়ায় অনেকে খুশি, এটাই আমার পাওয়া।

এ বছর অভিনয়ে আরও পদক পাচ্ছেন খালেদ মাহমুদ খান (মরণোত্তর)।

মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে সরকার ১৯৭৬ সাল থেকে প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দিয়ে আসছে। পুরস্কার হিসেবে প্রত্যেককে একটি স্বর্ণপদক, এককালীন অর্থ ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

 

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন