জাতীয় ডেস্ক :
নড়াইলে করোনার বিস্তার রোধে ১০ দফা বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে কোভিড-১৯ জেলা নিয়ন্ত্রণ কমিটি।
বুধবার (১২ জানুয়ারি) কোভিড-১৯ জেলা নিয়ন্ত্রণ কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
করোনার চলমান বিস্তার ঠেকাতে করণীয় নির্ধারণে আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত মোতাবেক জনসাধারণের চলাচলে বিধিনিষেধ আরোপসহ ১০ দফা প্রতিপালনে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় করোনার নতুন ধরণ ওমিক্রনের বিস্তার রোধে দোকান, শপিংমল ও বাজারে ক্রেতা বিক্রেতা এবং হোটেল রেস্তোরাঁসহ সকল জনপূর্ণ স্থানসহ ঘরের বাইরে সকলকে বাধ্যতামূলক মাস্ক পরা, আবাসিক হোটেলে অবস্থানের জন্য করোনা টিকার সনদ প্রদর্শন, ট্রেন, বাসসহ গণপরিবহনে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনসহ আন্তঃমন্ত্রণালয় সভার ১১দফা সিদ্ধান্ত প্রতিপালনে সর্বসাধারণকে বাধ্য করতে প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোট পরিচালনাসহ কড়াকড়ি আরোপের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সিভিল সার্জন নাসিমা আকতার, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধাক ডা. মো. আসাদ উজ জামান মুন্সি, নড়াইল জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোস্তফা কামলাসহ জেলা কোভিড ১৯ নিয়ন্ত্রণ কমিটির কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
