বিনোদন ডেস্ক :
সূর্যাস্তের সোনালী আকাশ, মরুর বুকে বোরখা পরে এক নারী হাতে কিছু ফুল নিয়ে প্রিয় মানুষের সাথে কাটাচ্ছেন কিছু সুন্দর মুহূর্ত। ছবিগুলো নেটপাড়ায় মুগ্ধতা ছড়াচ্ছে।
ছবির সেই নারী ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। স্নিগ্ধ রূপে স্বামী রকিব সরকারের সাথে তার এ সুন্দর ছবিগুলোর প্রশংসা করেছেন অনেকে।
গেল ২৪ নভেম্বর নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ওমরাহ পালনে যাওয়ার বিষয়টি জানান মাহিয়া মাহি। পোস্টে মাহি লিখেছিলেন, আলহামদুলিল্লাহ, জীবনে প্রথমবার ওমরাহতে যাচ্ছি। এ অনুভূতি প্রকাশের ঊর্ধ্বে। তোমার জন্য অন্তর থেকে অনেক অনেক দোয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
তারপর নিজের ফেসবুক পেজে ‘শুকুর আলহামদুলিল্লাহ’ লিখে জুড়ে দেন কিছু রোমান্টিক ছবি। ছবিগুলো দেখলে মনে হয়, বিকেলের সোনালী আকাশ মাহি আর রকিবের নির্মল ভালোবাসার গল্পই যেন লিখে যাচ্ছে মরুর বুকে।
ওমরাহ্ থেকে ফিরেই কাজে ব্যস্ত হয়ে পড়বেন এ ঢালিউড নায়িকা। ‘ড্রাইভার’ সিনেমাসহ প্রায় হাফ ডজনের বেশি সিনেমার কাজ রয়েছে এই নায়িকার হাতে।
