জাতীয় ডেস্ক :
পরিবহন খাত সংশ্লিষ্টদের লাল কার্ড দেখিয়েছেন শিক্ষার্থীরা। এখনো সড়কে আগের মতোই বিশৃঙ্খল পরিস্থিতি চলছে তাই সড়ক নিরাপদ না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দাবি করেন, শিক্ষার্থীদের আন্দোলনে উস্কানি দিচ্ছে একটি পক্ষ।
সড়কে ঝরছে সহপাঠীর অকাল প্রাণ তাই বসে নেই শিক্ষার্থীরা। নিরাপদ সড়কের দাবিতে প্রায় একমাস ধরে চলছে এ আন্দোলন।
শনিবার (৪ ডিসেম্বর) রাজধানীর রামপুরায় পরিবহন খাত সংশ্লিষ্টদের লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেন বিভিন্ন স্কুল কলেজ শিক্ষার্থীরা। সড়কে এখনো ফিটনেসবিহীন গাড়ি চলাচল, অসুস্থ প্রতিযোগিতাসহ নানা অনিয়মের কথা তুলে ধরেন তারা।
শিক্ষার্থীরা বলেন, শুধু হাফপাস নয়, আমাদের ৯ দফা দাবি রয়েছে। এগুলো বাস্তবায়ন করতে হবে।
এদিকে রাজধানীতে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নেওয়ার কথা থাকলেও অধিকাংশ বাসে তা মানা হচ্ছে না। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতি অবিলম্বে সারা দেশে সব গণপরিবহনে হাফপাসের দাবি জানানো হয়।
তারা বলেন, দেশের সব গণপরিবহনে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নিতে হবে। তালিকা অনুযায়ী ভাড়া দিতে চাইলে যাত্রীদের কটূক্তিসহ নানা ধরনের দুর্ব্যবহারের সম্মুখীন হতে হয়। এসব বেআইনি কর্মকাণ্ড বন্ধ করতে হবে।
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বিআরটিএর অভিযানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, একটি রাজনৈতিক দল শিক্ষার্থীদের আন্দোলনে উস্কানি দিচ্ছে।
ওবায়দুল কাদের বলেন, আমাদের কাছে প্রমাণ আছে। ভিডিও ফুটেজ আছে। একটি রাজনৈতিক দলের মহানগরের নেত্রী রাস্তায় দাঁড়িয়ে শিক্ষার্থীদের উস্কানি দিচ্ছে। তিনি তখন স্কুল পোশাক পরে এসেছিলেন।
সিটিং সার্ভিস বন্ধ, ওয়েবিল সিস্টেম বাতিল ও বাড়তি ভাড়া আদায় বন্ধসহ ৯ দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা।
