জাতীয় ডেস্ক :
টাঙ্গাইলের ভুঞাপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগের প্রচারণা সভায় নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ সকলকে নৌকা প্রতীকে প্রকাশ্যে টেবিলের উপরে ভোট দেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সাথে কোনো আবুল-তাবুল মার্কায় সিল মেরে দেশের ক্ষতি করতে দেওয়া হবে না। তার ইউনিয়নে কেউ অন্য কোনো প্রার্থীর প্রচারণা করলে তাকে পেটানো হবে বলে সতর্ক করেছেন।
শুক্রবার (০৩ ডিসেম্বর ) রাতে উপজেলার নিকরাইল ইউনিয়নের পাথাইকান্দি বাজার এলাকায় নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আব্দুল মতিন সরকারের নির্বাচনী প্রচারণা সভায় পার্শ্ববর্তী কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন।
গত ২৮ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচনে জয়ী হোন আব্দুল হাই আকন্দ। এর আগে শুক্রবার রাতে উপজেলার পাথাইলকান্দি এলাকায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে নৌকা প্রতীকের প্রার্থী মতিন সরকারের নেতাকর্মীরা পাথাইলকান্দি বাজারে প্রতিবাদ সমাবেশ করে। সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ।
তিনি বলেন, ‘নৌকায় ভোট দিলে এলাকায় উন্নয়ন হবে, নৌকায় ভোট না দিলে উন্নয়ন হবে না। আবুল-তাবুল মার্কায় কেউ ভোট দেওয়ার চেষ্টা করবেন না।’ বক্তব্যে তিনি নিকরাইল ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মাসুদকে অবাঞ্ছিত ঘোষণা করে তাকে এলাকায় প্রবেশ করলে প্রতিহত করার হুমকি দেওয়া হয়। যারা নৌকা মার্কার বাইরে গিয়ে নির্বাচন করলে পেটানো হবে বলে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন তিনি। এতে এলাকায় বিরাজ করছে।
এঘটনায় স্বতন্ত্র প্রার্থী মাসুদ তালুকদার তীব্র নিন্দাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেছেন।
