জাতীয় ডেস্ক :
প্রবেশপত্র না আসায় কুড়িগ্রামের রৌমারী উপজেলায় অবস্থিত রৌমারী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ৩৬ জন শিক্ষার্থীর এবারের এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে। অথচ বুধবার (১ ডিসেম্বর) দুপুর পর্যন্ত সময়ে তাদের প্রবেশপত্র আসেনি।
এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে প্রবেশপত্র না পাওয়া শিক্ষার্থীরাসহ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরে গিয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, ৩৬ জন শিক্ষার্থীর প্রত্যেকের কাছ থেকে ৩ হাজার করে টাকা নেওয়ার পরও বিধি অনুযায়ী ফরম পূরণ করেননি অধ্যক্ষ এসএম হুমায়ুন কবীর। ফলে প্রবেশপত্র না পাওয়ায় তাদের পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এখন অধ্যক্ষকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মোবাইল নম্বর কল করে বন্ধ পাওয়া যাচ্ছে।
সংশ্লিষ্ট একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, অধ্যক্ষ এস এম হুমায়ুন কবীর বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।
রৌমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলাম জানিয়েছেন, শিক্ষার্থীরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন হওয়ায় তাদের করণীয় কিছু নেই।
এ প্রসঙ্গে রৌমারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কলেজটির পরিচালনা কমিটির সভাপতি আল ইমরান জানান, অধ্যক্ষের গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে। ফলে ৩৬ শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।
তিনি আরও জানান, বিগত ২০১৯ সালে ৩৬ শিক্ষার্থী প্রথম বর্ষে থাকাকালীন সময়ে বিধি মোতাবেক তাদের নাম বোর্ড রেজিস্ট্রেশন করেননি অধ্যক্ষ। ফলে তারা দ্বিতীয় বর্ষে অটো পাস পাননি। এ জন্য তাদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হিসেবে গণ্য না হওয়ায় ফরম ফিলাপ করা হলেও তা বৈধ হয়নি। ফলে প্রবেশপত্র আসেনি।
তিনি ক্ষোভের সঙ্গে আরও জানান, বিগত ২০১৯ সালে জটিলতার সৃষ্টি হলেও অধ্যক্ষ তাকে বিষয়টি জানিয়েছেন গতকাল মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে। এই পরিস্থিতিতে পরীক্ষার্থীরা যাতে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সে জন্য সর্বাত্মক চেষ্টা চলছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এ ছাড়া সমস্যাটি সমাধানে সহযোগিতা করার জন্য এই এলাকার এমপি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনকে অনুরোধ জানানো হয়েছে।
