হোম জাতীয় ‘ওমিক্রন’ নিয়ে বন্দরগুলোতে স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কবার্তা

 

জাতীয় ডেস্ক :

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) মো. নাজমুল ইসলাম জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের কয়েকটি দেশে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে দেশের সব বন্দরে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

তিনি বলেন, বন্দরগুলোয় নিরাপত্তা জোরদার করার জন্য বলা হয়েছে।

রোববার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‍ওমিক্রন মারাত্মক হুমকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা বলছেন, ভ্যারিয়েন্টটি ব্যাপকভাবে মিউটেট (আচরণ পরিবর্তন) করেছে। এই ভ্যারিয়েন্টের নাম দেওয়া হয়েছে বি.১.১.৫২৯। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটির নাম দিয়েছে ওমিক্রন।

এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার কয়েকটি প্রদেশে কিছু মানুষ এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন যে বাস্তবে এটি আরও ছড়িয়ে গেছে। এই ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে যুক্তরাজ্য এরই মধ্যে আফ্রিকার দক্ষিণাঞ্চলের ছয়টি দেশ – দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, বতসোয়ানা, জিম্বাবুয়ে, লেসোথো, এসওয়াতিনি – থেকে সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে।

এ প্রসঙ্গে নাজমুল ইসলাম বলেন, ডব্লিউএইচও ইতিমধ্যে ওমিক্রন ধরনটিকে ‘উদ্বেগজনক’ বলেছে। আমরাও এ বিষয়ে সতর্ক আছি।

তিনি বলেন, গত ৩০ দিনে দেশে করোনা শনাক্তের নিম্নহার দেখা গেছে। এ হার ২ শতাংশের নিচে থেকেছে। কিন্তু এ পরিস্থিতিতে আমাদের আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নেই। মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।

এদিকে, করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ রোধে চার দফা সুপারিশ জানিয়েছে সরকারের কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরী পরামর্শক কমিটি। রোববার (২৮ নভেম্বর) কারিগরী পরামর্শক কমিটির ৪৮তম সভায় বিশদ আলোচনার পর এসব সুপারিশ করা হয়।

নতুন এই ভ্যারিয়েন্ট নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ স্থগিত করা হচ্ছে। সব বিমানবন্দর, স্থলবন্দর বা দেশের সব প্রবেশপথে স্ক্রিনিং আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। সারা দেশে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে ও মাস্ক পরা নিশ্চিত করতে জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হচ্ছে।

গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন একটি ধরন শনাক্ত হয়। দক্ষিণ আফ্রিকা ছাড়াও বতসোয়ানা, ইসরায়েল, হংকং, বেলজিয়াম, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, জার্মানি ও ইতালিতেও নতুন এ ধরনের সন্ধান মিলেছে। ডব্লিউএইচও করোনার নতুন ধরনের নাম দিয়েছে ‘ওমিক্রন’। ধরনটিকে ‘উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করেছে সংস্থাটি। ধারণা করা হচ্ছে, করোনার আগের সব ধরনের চেয়ে এটি অনেক বেশি সংক্রামক। তবে ওমিক্রন করোনার অন্য ধরনের তুলনায় কম নাকি বেশি মারাত্মক, তা এখনো নিশ্চিত হতে পারেননি বিশেষজ্ঞরা।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন