খেলাধুলা ডেস্ক :
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার দিয়ে সুপার টুয়েলভে টানা চার ম্যাচ হারল বাংলাদেশ। আর এর মধ্য দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও আনুষ্ঠানিকভাবে বাদ পড়ে গেল টিম টাইগার্স।
অথচ প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামার আগে টানা তিন ম্যাচ হারার পরও অঙ্কের মারপ্যাঁচে বিশ্বকাপে টিকে ছিল বাংলাদেশ। নিভু নিভু করে জ্বলছিল লাল-সবুজের সেমির স্বপ্ন।
তবে এমন স্বপ্নকে বাঁচিয়ে রাখতে প্রোটিয়াদের বিপক্ষে জয়ের কোনো বিকল্প ছিল না। তবে শেষমেশ আবুধাবির মাঠে মঞ্চায়িত হলো একই চিত্রনাট্য।
মঙ্গলবারের (২ নভেম্বর) ম্যাচে ৬ উইকেটের এই হারের মধ্য দিয়ে সব হিসেব চুকিয়ে বিশ্বকাপই বিদায় দিয়ে দিল বাংলাদেশকে। আর তাই আগামী ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুধুই আনুষ্ঠানিকতা।
এদিকে, বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, আমরা পরিকল্পনা মতো ব্যাটিং করতে পারিনি।
তিনি বলেন, ‘আমার মনে হয়, আজকের উইকেট বোলিংয়ের জন্য বেশ ভালো ছিল। তাসকিন দুর্দান্ত বল করেছে। অল্প পুঁজি নিয়েও তার বোলিংয়ে ভর করে আমরা শেষ পর্যন্ত লড়াই করে গেছি।’
দিনশেষে হতাশা ফুটে উঠেছে টাইগার কাপ্তানের চোখেমুখেও। মাহমুদউল্লাহ বলেন, ‘দুটি ম্যাচে আমরা জয়ের কাছাকাছি গিয়েও হেরেছি। ওই দুটি ম্যাচে জয় পেলে গল্পটা অন্যরকমও হতে পারতো।’
এদিকে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা বলেন, ‘একটা ভালো দিন গেল আমাদের। কন্ডিশন বোলারদের জন্য সহায়ক ছিল। আমাদের বোলাররাও দারুণভাবে সেটা কাজে লাগিয়েছে। বিশেষ করে কাগিসো রাবাদা এবং এনরিখ নর্টজে দুর্দান্ত বল করেছে। মনে হয়েছে যেন আমরা ঘরের মাঠে খেলছি।’
পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। সে ম্যাচের জন্যও নিজেরা তৈরি আছেন বলে জানিয়েছেন বাভুমা।
অন্যদিকে, ম্যাচসেরার পুরস্কার উঠেছে ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট নেওয়া কাগিসো রাবাদার হাতে। তিনি তার প্রতিক্রিয়ায় বলেন, ‘স্বপ্নের মতো একটা দিন কাটালাম। এমন পারফরম্যান্সের জন্যই সবসময় আমরা পরিশ্রম করি।’
এদিকে, দলের নিয়মিত সদস্য সাইফুদ্দিন, সাকিব এবং সোহানকে ছাড়াই মঙ্গলবার (২ নভেম্বর) খেলতে নেমেছিল বাংলাদেশ। এমনিতেই ব্যর্থতার বৃত্তে থাকা দলের জন্য এমন পরিস্থিতি আরও বিপর্যয় আনবে এটাই স্বাভাবিক ছিল। হলোও তাই। টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৮৪ রানেই গুটিয়ে গেছে দামাল ছেলেদের ইনিংস। দক্ষিণ আফ্রিকা ১৩ দশমিক ৩ ওভারে ৪ উইকেট হারিয়ে টপকে যায় এই লক্ষ্য।
