খেলাধুলা ডেস্ক :
২০১৯ সালে দুই বছরের চুক্তিতে টাইগারদের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান রাসেল ডমিঙ্গো। এদিকে, বিশ্বকাপের আগেই তার সঙ্গে নতুন করে আরও দুই বছরের চুক্তি হয়েছে বলে জানিয়েছেন খোদ বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।
এদিকে সমালোচনার তোপের মুখে বাংলাদেশের ক্রিকেট। বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে বিভিন্ন সময়ে খেলোয়াড়সহ কোচকে পড়তে হচ্ছে কঠিন সব প্রশ্ন ও তামাশার মুখে। এমন পরিস্থিতিতে বেশ অটল অবস্থানে রাসেল। তিনি গায়ে মাখেন না কোনো সমালোচনা।
তিনি এ বিষয়ে বলেন, ‘আমি সামাজিক যোগাযোগমাধ্যমে নেই। সংবাদমাধ্যমও পড়ি না খুব একটা। যখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছিলাম, মাছ ধরার দিকেই নজর ছিল, ক্রিকেট নয়। আমি তাই জানি না, সেখানে কী বলাবলি হচ্ছে এখন। তবে যেমনটা বললাম, আমাদের তরুণদের দারুণ কিছু পারফরম্যান্স আছে। শরীফুল, নাঈম বেশ ভালো করেছে।’
সোমবার (১ নভেম্বর) দুপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রাসেল ডমিঙ্গো বলেন, ‘আমরা জানি আমাদের যোগ্যতা থেকে অনেকটা দূরে আছি এখনো। কিন্তু তা রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। এর জন্য সময় চাই। এটা একটা প্রক্রিয়া।
তিনি আরও বলেন, ‘আরও এক বছর পর আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। যদি সবকিছু ঠিকঠাকভাবে এগোয় আমরা ওই আসরে আরও ভালো অবস্থায় থাকবো।’
এর আগে টাইগারদের নির্বাচক হাবিবুল বাশারও বলেছিলেন, আগামী বছর অস্ট্রেলিয়া বিশ্বকাপের জন্য প্রস্তুতির কথা। এবার বাশারের সুরেই যেন তাল মেলালেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।
এদিকে, চলমান বিশ্বকাপ থেকে সাইফউদ্দিনের পর আসর থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে শঙ্কা আছে নুরুল হাসান সোহানকে ঘিরেও। ফলে একাদশ সাজানোটাই কঠিন হবে ডমিঙ্গোর জন্য।
এদিকে, চলমান বিশ্বকাপ থেকে সাইফউদ্দিনের পর আসর থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে শঙ্কা আছে নুরুল হাসান সোহানকে ঘিরেও। ফলে একাদশ সাজানোটাই কঠিন হবে ডমিঙ্গোর জন্য।
