হোম জাতীয় দেশে স্বাধীনতাবিরোধী শক্তি সক্রিয়: পরিকল্পনামন্ত্রী

জাতীয় ডেস্ক :

দেশে এখনো স্বাধীনতাবিরোধী শক্তি সক্রিয় রয়েছে, তাদের প্রতিহত করতে হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, গত ৫০ বছরে বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে যখনই কোনো সরকার ধারাবাহিকভাবে কাজ করেছে তখনই কিছু উন্নয়ন হয়েছে।

তিনি বলেছেন, বর্তমান সরকার কিছু আইন করেছে যার বিরুদ্ধে অনেক কথা হচ্ছে যে, এতে ব্যক্তিস্বাধীনতা ক্ষুণ্ন হতে পারে। কিন্তু বিষয় তা নয়। কিছু কিছু বিষয়ে যেমন ক্রিমিনাল কর্মকাণ্ড এবং স্বাধীনতাবিরোধী শক্তি যারা এখনো সক্রিয় আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। তা ছাড়া সরকার সবক্ষেত্রে উদার। সরকারের উন্নয়ন প্রকল্প থেকে শুরু করে সব কার্যক্রমই প্রকাশিত। বর্তমান প্রধানমন্ত্রী উঠানে এসে কাজ করতে পছন্দ করেন, তিনি কোনো রাখঢাক করেন না বলে জানান পরিকল্পনামন্ত্রী।

শুক্রবার (৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মিলনায়তনে ‘আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেছেন। তিনি আরও বলেন, দেশ যখনই অস্থিতিশীল হয়েছে তখনই আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এখনো এমন নানা কথা ভেসে আসে। দেশের নাগরিক সমাজসহ সবাইকে সতর্ক থাকতে হবে। স্বাধীনতাবিরোধী শক্তিকে প্রতিহত করতে না পারলে, দেশে সুস্থ গণতান্ত্রিক ধারা ও আইনের শাসন চালু না রাখতে পারলে আবারও বড় বিপদ আসতে পারে।

আবারও পরাধীনতা নেমে আসতে পারে দেশে, যা ভূখণ্ডের নয়, চিন্তা-চেতনা ও অর্থনৈতিক দিক দিয়ে পরাধীনতা বয়ে আনবে বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বর্তমান সরকার বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে। ব্লকচেইনও আধুনিক প্রযুক্তির উদ্ভাবনে তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয় বিষয়। তিনি জানান, ডিজিটাল কারেন্সি, ই-গভর্নেন্স, ফিনটেক, সরকারি বিভিন্ন সেবায় ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিচ্ছে সরকার।

এবারের আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড প্রথমবারের মতো হংকংয়ের বাইরে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ অক্টোবর) থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে ১০ অক্টোবর রোববার পর্যন্ত। বাংলাদেশের ১২টি দলের পাশাপাশি মোট ১২ দেশের ৫০টি দল এ প্রতিযোগিতায় অংশ নেবে বলে জানানো হয়েছে। পুরো আয়োজনে থাকছে মোট ৪টি সেমিনার। বিজয়ীরা পাবেন ৪০ হাজার ডলারের বেশি অর্থ পুরস্কার।

উল্লেখ্য, গতবার ব্লকচেইন অলিম্পিয়াডে অংশ নিয়ে বাংলাদেশের প্রতিযোগীরা রানাস আপসহ মোট দু্টি পুরস্কার অর্জন করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন