জাতীয় ডেস্ক :
ঢাকার বাইরে খুলনা বিভাগের যশোরে প্রথম ই-পাসপোর্ট পার্সোনালাইজেশনের সেল উদ্বোধন করা হয়েছে। রোববার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় যশোর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে ওই অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে ই-পাসপোর্ট স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ূব চৌধুরী।
এসময় ই-পাসপোর্ট স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান বলেন, অতি অল্প সময়ে যাতে পাসপোর্ট পেতে পারে সে জন্য খুলনা বিভাগের ১০ জেলার মানুষের জন্য এটি স্থাপন করা হয়েছে। এখানে অতি জরুরি, জরুরি ও সাধারণ এই তিন ক্যাটাগরিতে পাসপোর্ট দেওয়া হবে। সর্বোচ্চ ২১দিন ও সর্বনিম্ন ২ দিনের মধ্যে এই পাসপোর্ট দেওয়া হবে।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ূব চৌধুরী বলেন, এই সেলের মাধ্যমে স্বল্প সময়ে খুলনা বিভাগের ১০ জেলার গ্রাহকদের কাছে ই-পাসপোর্ট পৌঁছে দেওয়া সম্ভব হবে। পাশাপাশি ঢাকার পার্সোনালাইজেশনের ব্যাকআপ হিসেবে কাজ করবে।
চূড়ান্তভাবে এর মাধ্যমে পাসপোর্ট অধিদপ্তর দৈনিক ২৫ হাজার ই-পাসপোর্ট প্রিন্টিংয়ের লক্ষ্যমাত্রা অর্জন করলো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।
