হোম খেলাধুলা নিজের রেকর্ড ভাঙায় মেসিকে অভিনন্দন পেলের

খেলাধুলা ডেস্ক :

এক সময় মাঠ দাপিয়ে বেড়ানো ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি রয়েছেন। ফুটবল সম্রাটের স্বাস্থ্য নিয়ে উদ্বেগে গোটা বিশ্ব। তবে স্বস্তির খবর হলো, ধীরে ধীরে সেরে উঠছেন তিনি।

এদিকে, শারীরিকভাবে একটু সুস্থ হয়েই আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে স্মরণ করলেন পেলে।

চলতি মাসের শুরুতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। ম্যাচটিতে দলের হয়ে হ্যাটট্রিক করেন মেসি। আর এর মধ্য দিয়ে নতুন নজিরও গড়েন। ছাড়িয়ে যান ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে।

৭৭ গোল নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলে এতদিন সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে ছিলেন পেলে। মেসি তাকে ছাড়িয়েছেন বলিভিয়া ম্যাচের হ্যাটট্রিক দিয়ে। আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টাইন তারকার গোল সংখ্যা এখন ৭৯টি।

এমন অর্জনেও হাসপাতালে থাকায় মেসিকে অভিনন্দন জানাতে পারেননি পেলে। সেজন্য আর্জেন্টাইন অধিনায়কের কাছে দুঃখপ্রকাশও করেছেন তিনি। গ্রেট পেলে বলেন, ‘হ্যালো মেসি। দেরি করে ফেলায় দুঃখিত। চলতি মাসের শুরুতে আরেকটি রেকর্ড ভাঙার জন্য তোমাকে অভিনন্দন জানানোর সুযোগ হাতছাড়া করতে চাই না। তোমার ফুটবলীয় প্রতিভা অসাধারণ!’

এদিকে, মেসির বর্তমান ক্লাব পিএসজিতে তার সঙ্গী হিসেবে আছেন সময়ের অন্যতম সেরা দুই ফুটবলার নেইমার-এমবাপ্পে। পিএসজিতেও মেসি সফল হবেন, এমন শুভকামনা জানিয়েছেন পেলে। তিনি বলেন, ‘আশা করি তুমি নেইমার ও এমবাপ্পের পাশে থেকে আরও অনেক কিছু জিতবে।’

অন্যদিকে, পেলের স্বাস্থ্য সম্পর্কে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) তার মেয়ে নাসিমেন্তো নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টে বলেন, বাবা সম্পূর্ণ সুস্থ হওয়ার পথে রয়েছেন। শুধু তাই নই, তার সঙ্গে হাসপাতালের বেডে পেলের একটি ছবিও পোস্ট করেন তিনি। পেলেকে সেখানে তার মেয়ের সঙ্গে তাস খেলতেও দেখা গেছে।

নিজের ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে পেলেকন্যা লেখেন, ‘বাবা আমাকে ট্রাঙ্কা (এক ধরনের তাসের খেলা) খেলা শেখাচ্ছে। আমি বাজেভাবে প্রতিবার হারছি। উনি খেলার সময় আমার কনফিউজড মুখের ছবিও তুলতে আগ্রহী। শেষ কয়েকদিনে আমরা অনেকটাই এগিয়েছি (সুস্থতার পথে)।’

এর আগে ব্রাজিলের কিংবদন্তি এই ফুটবলারকে হাসপাতালে থেকে গান গাইতেও দেখা যায়। ইনস্টাগ্রামে পেলের গান গাওয়ার ভিডিও পোস্ট করলেন তার মেয়ে কেলি নাসিমেন্তো। সেই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। স্বভাবতই পেলের এমন রূপ দেখে তার অনুরাগীরা চমকে যান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন