হোম খুলনাকুষ্টিয়া ইবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মতিনুর রহমান

ইবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মতিনুর রহমান

কর্তৃক Editor
০ মন্তব্য 61 ভিউজ
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ (সংশোধিত-২০১০)-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত, এর মধ্যে যেটি আগে ঘটবে।
এতে আরও বলা হয়, উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে। প্রয়োজনবোধে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও ইউট্যাবের কার্যনির্বাহী সদস্য। তিনি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন। এর আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করা এই অধ্যাপক ইবির প্রক্টর ও সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট হিসেবেও প্রশাসনিক দক্ষতা দেখিয়েছেন। ৫ আগস্টের পূর্বে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে পরিচিত ড. মতিনুর টেলিভিশন টকশোতেও একজন নিয়মিত মুখ। তার ৩৪টি গবেষণা প্রবন্ধ দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি নেপাল, ভারত, শ্রীলঙ্কা, চীন, সুইডেন, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন।
এর আগে জুলাই-পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনে পরিবর্তনের গুঞ্জনের মধ্যে তার নাম ভিসি হিসেবে আলোচনায় আসে। একই সঙ্গে কোষাধ্যক্ষ পদে দা‘ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ ইদ্রিস আলী এবং উপ-উপাচার্য পদে অধ্যাপক ড. এ. এস. এম. শরফরাজ নওয়াজের নামও বিভিন্ন মহলে আলোচনায় রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন