হোম জাতীয় ৫ এপ্রিল থেকে ১৮ জেলায় হাম টিকাদান কর্মসূচি শুরু: স্বাস্থ্যমন্ত্রী

৫ এপ্রিল থেকে ১৮ জেলায় হাম টিকাদান কর্মসূচি শুরু: স্বাস্থ্যমন্ত্রী

কর্তৃক Editor
০ মন্তব্য 53 ভিউজ

নিউজ ডেস্ক:
হাম প্রতিরোধে আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। প্রথম ধাপে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকার আওতায় আনা হবে।

শনিবার (৪ এপ্রিল) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, রোববার সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হবে। যেসব এলাকায় হামের সংক্রমণ বেশি, সেসব ১৮ জেলার ৩০ উপজেলাকে প্রাথমিকভাবে কর্মসূচির আওতায় আনা হয়েছে।

তিনি জানান, আক্রান্তদের বেশিরভাগই ৬ মাস থেকে ৫ বছরের শিশু হওয়ায় এই বয়সসীমার সব শিশুকে টিকা দেওয়া হবে—তারা আগে আক্রান্ত হয়ে থাকুক বা না থাকুক।

এছাড়া বর্তমানে অসুস্থ, আক্রান্ত বা সন্দেহভাজন শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।

টিকাদান কার্যক্রম তদারকিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একাধিক স্থানে পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী নিজে ঢাকার নবাবগঞ্জে যাবেন এবং কক্সবাজারে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

হাম পরিস্থিতি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘করোনার মতো বড় সংক্রমণ মোকাবিলা করতে পেরেছি, হাম নিয়েও আমরা সফল হবো।’

২০২৫ সালের টিকাদান কার্যক্রমে গাফিলতির বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অতীতের তদন্ত করে কাউকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে আমার কোনো লাভ নেই। আগে আমাকে মানুষ ও শিশুদের বাঁচাতে হবে। সব যন্ত্রপাতি আনতে হবে। আমি বর্তমান কাজকে বেশি গুরুত্ব দিচ্ছি। অতীতে কেনো টিকা দেওয়া হয়নি তা নিয়ে এখনি ঘাঁটাঘাঁটি করতে চাই না।

টিকার আওতাভুক্ত উপজেলা:
বরগুনা সদর, পাবনা সদর, ঈশ্বরদী, আটঘরিয়া, বেড়া, চাঁদপুর সদর, হাইমচর, কক্সবাজারের মহেশখালী ও রামু, গাজীপুর সদর, চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, ভোলাহাট, নেত্রকোনার আটপাড়া, ময়মনসিংহ সদর, ত্রিশাল, তারাকান্দা, রাজশাহীর গোদাগাড়ি, বরিশালের মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ, নওগাঁর পোরশা, যশোর সদর, নাটোর সদর, মুন্সীগঞ্জ সদর, লৌহজং, শ্রীনগর, মাদারীপুর সদর, ঢাকার নবাবগঞ্জ, ঝালকাঠির নলছিটি ও শরীয়তপুরের জাজিরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন