স্পোর্টস ডেস্ক:
সিরিজ নির্ধারনী তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। মাঝে জোড়া উইকেট হারালেও দুর্দান্ত ব্যাটিংয়ে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন তানজিদ তামিম।
রোববার (১৫ মার্চ) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তানের অধিনায়ক শাহীন আফ্রিদি। আগে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ তামিম। ধীরে ধীরে রানের গতি বাড়ান তারা। দুর্দান্ত ব্যাটিংয়ে পাওয়ার প্লের ১০ ওভারে ৫০ রান সংগ্রহ করেন এই দুই ওপেনার।
সাইফের চেয়ে বেশি আগ্রাসী ব্যাটিং করতে থাকেন তানজিদ তামিম। ৪৭ বলে ফিফটি তুলে নেন এই টাইগার ওপেনার। দুর্দান্ত ব্যাটিংয়ে শতরানের জুটি গড়েন সাইফ-তানজিদ তামিম।
তবে দলীয় ১০৫ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৫৫ বলে ৩৬ রান করে শাহীন আফ্রিদির বলে বোল্ড হন সাইফ। এরপর নাজমুল হাসান শান্তকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন তানজিদ তামিম। ৫৩ রানের জুটি গড়েন তারা।
তবে দলীয় ১৫৮ রানে ৩৪ বলে ২৭ রান করে সাজঘরে ফিরে যান শান্ত। তবে দুর্দান্ত ব্যাটিংয়ে ঠিকই সেঞ্চুরি তুলে নেন তানজিদ তামিম। ৯৮ বলে তিন অঙ্কের ঘর স্পর্শ করেন তিনি। ৯৪ রানে থাকা অবস্থায় সালমান আগাকে ছক্কা মেরে ১০০–তে পৌঁছেছেন তানজিদ হাসান। এটি ওয়ানডেতে তার প্রথম সেঞ্চুরি।
