মোস্তফা কামাল:
নড়াইল সদর হাসপাতালের সেবার মান উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় বিশেষ পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধন করেছেন নড়াইল–২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। আজ রবিবার সকাল ১০টায় জেলা হাসপাতাল প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অভিযান চলাকালে সংসদ সদস্য নিজে ঝাড়ু হাতে নিয়ে হাসপাতালের আঙিনা পরিষ্কারের কাজে অংশ নেন এবং হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও জরুরি বিভাগ পরিদর্শন করেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল গাফফার, সংশ্লিষ্ট চিকিৎসক, হাসপাতালের কর্মকর্তা–কর্মচারী এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে আতাউর রহমান বাচ্চু বলেন:
“আমাদের মূল লক্ষ্য একটি ‘ক্লিন নড়াইল‘ পরিচ্ছন্ন নড়াইল গড়ে তোলা। পবিত্র মাহে রমজানকে সামনে রেখে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় আমরা মাসব্যাপী বিশেষ কর্মসূচি হাতে নিয়েছি। আজ নড়াইল জেলা হাসপাতাল থেকে এই কার্যক্রমের শুভ সূচনা হলো। পর্যায়ক্রমে নড়াইল পৌরসভাসহ পুরো নির্বাচনী এলাকায় এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।“
তিনি আরও বলেন, হাসপাতাল হলো মানুষের শেষ ভরসাস্থল। এখানে রোগীরা সুস্থ হতে আসেন, তাই এখানকার পরিবেশ সব সময় জীবাণুমুক্ত ও মনোরম থাকা জরুরি। তিনি হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং নিয়মিত পরিষ্কার–পরিচ্ছন্নতা বজায় রাখার কঠোর নির্দেশনা প্রদান করেন।
আয়োজকরা জানান, নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং একটি সুস্থ–সুন্দর সমাজ বিনির্মাণে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
