হোম খেলাধুলা পাকিস্তান সরকার বলছে ‘না’, অশ্বিন শতভাগ নিশ্চিত ভারত–পাকিস্তান ম্যাচ হবে

পাকিস্তান সরকার বলছে ‘না’, অশ্বিন শতভাগ নিশ্চিত ভারত–পাকিস্তান ম্যাচ হবে

কর্তৃক Editor
০ মন্তব্য 43 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। তবে এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত টিকবে না বলেই মনে করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ ও ভারতের সাবেক তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। দুজনেরই বিশ্বাস—সব জটিলতা কাটিয়ে ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় অনুষ্ঠিত হবে বহুল আলোচিত ভারত–পাকিস্তান ম্যাচ।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রশিদ লতিফ বলেন, “আমার বিশ্বাস, ভারত–পাকিস্তান ম্যাচটি শেষ পর্যন্ত হবে। এই সমস্যার সমাধান হবে ইসলামাবাদ ও দিল্লিতে।” পাকিস্তানের সাবেক এই উইকেটকিপার-ব্যাটারের মতে, ক্রিকেটীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক পর্যায়ে আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান আসবে।

রশিদ লতিফের বক্তব্যের সঙ্গে সুর মিলিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, তবে সময়সীমা বেঁধে দিয়ে। নিজের ইউটিউব চ্যানেলে ভারতের সাবেক এই স্পিনার বলেন,

“আমি শতভাগ নিশ্চিত ম্যাচটি হবে। পাকিস্তান আগামী চার-পাঁচ দিনের মধ্যেই তাদের অবস্থান বদলাবে।”

অশ্বিনের মতে, এই ম্যাচ না হলে আর্থিক ক্ষতির মুখে পড়বে সবাই— “সম্প্রচারকারীরা প্রচুর অর্থ হারাবে। আইসিসির বৈঠকে সব সদস্য বলবে, পাকিস্তানের কারণে এই ক্ষতি হয়েছে। এমনকি পিএসএলে খেলোয়াড়দের ছাড়পত্র না দেওয়ার বিষয়ও সামনে আসতে পারে।”

গত ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ঘোষণায় বলা হয়, “ইসলামি প্রজাতন্ত্র পাকিস্তান সরকার পাকিস্তান ক্রিকেট দলকে ২০২৬ আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের অনুমোদন দিচ্ছে। তবে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না।” এই ঘোষণার পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে শুরু হয় তীব্র আলোচনা ও সমালোচনা।

পাকিস্তান সরকারের সিদ্ধান্তের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সম্ভাব্য শাস্তির মুখে পড়তে পারে—এমন জল্পনা শুরু হয়েছে। যদিও এখন পর্যন্ত আইসিসি আনুষ্ঠানিকভাবে শাস্তির বিষয়ে কিছু বলেনি।

তবে ভারতের বার্তা সংস্থা পিটিআই-কে পিসিবির একটি সূত্র জানিয়েছে, ম্যাচ না খেললে টুর্নামেন্টের অফিসিয়াল সম্প্রচারক জিওস্টার আইনি পদক্ষেপ নিতে পারে, আইসিসি এ বিষয়ে পিসিবিকে সতর্ক করেছে।

অশ্বিন মনে করেন, বিশ্বকাপের মতো টুর্নামেন্টে নির্দিষ্ট কোনো দলের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, “ভারত ও পাকিস্তান নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। ভেন্যু নিয়ে কোনো সমস্যা নেই। বিশেষ কোনো প্রতিপক্ষের বিপক্ষে খেলব না—এটা গ্রহণযোগ্য নয়। আশা করি শুভচিন্তার জয় হবে।”

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক শ্রীলঙ্কা ও ভারত।

৭ ফেব্রুয়ারি:

মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভারতের প্রথম ম্যাচ

কলম্বোয় নেদারল্যান্ডসের বিপক্ষে পাকিস্তানের প্রথম ম্যাচ

১৫ ফেব্রুয়ারি:

কলম্বোয় নির্ধারিত ভারত–পাকিস্তান ম্যাচ (অনিশ্চিত)

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন