হোম জাতীয় শিল্পের আলোয় উন্মোচিত অনুভূতি সমাজকে প্রভাবিত করে: রাষ্ট্রপতি

জাতীয় ডেস্ক :

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, শিল্পের আলোয় উন্মোচিত অনুভূতি সমাজকে অনেক বেশি প্রভাবিত করে। তিনি ‘১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী-২০২২’ উপলক্ষে বুধবার (৭ ডিসেম্বর) দেয়া এক বাণীতে একথা বলেন।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী-২০২২ শুরু হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, ‘এ উদ্যোগকে আমি স্বাগত জানাই।’

তিনি বলেন, শিল্প হচ্ছে মানুষের অন্তরীণ অভিব্যক্তির নান্দনিক ভাষ্য। মানুষের অন্যসব অনুভূতির মতো শিল্পের আলোয় উন্মোচিত অনুভূতিগুলো সমাজকে বেশি প্রভাবিত করে থাকে।

রাষ্ট্রপতি বলেন, ‘শিল্প তার নিজস্ব সৌন্দর্যগুণে এবং অভিনব সৃজন-ভাবনার মাধ্যমে মানুষকে আকর্ষণ করে। শিল্পের পরিসর, মাধ্যম ও ভাবনা দিন দিন প্রসারিত হচ্ছে। এ অগ্রগামিতার সঙ্গে তাল মিলিয়ে আমাদের দেশের শিল্পকর্মও যাতে আন্তর্জাতিক পরিমণ্ডলে এগিয়ে যেতে পারে, সে লক্ষ্যে শিল্পকলা একাডেমির কর্মপ্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।’

আবদুল হামিদ বলেন, ‘দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশের নিজস্ব শিল্পধারার সঙ্গে বিশ্বের সমকালীন শিল্পকলার সমন্বয়, বিনিময় এবং মেলবন্ধন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীর মাধ্যমে বিশ্বের ১১৩টি দেশের তিন শতাধিক শিল্পীর শিল্পকর্মে চিরায়ত সৌন্দর্যের পাশাপাশি মানবতার জয়গান প্রতিফলিত হবে।’

রাষ্ট্রপতি প্রদর্শনীতে অংশগ্রহণকারী সব শিল্পী, জুরি, পর্যবেক্ষক, অধীক্ষক, শিল্পরসিক ও শিল্পবোদ্ধাকে শুভেচ্ছা জানান। তিনি ‘১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী-২০২২’-এর সাফল্য কামনা করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন