হোম জাতীয় পশ্চিমাদের ভ্রমণ সতর্কতাকে ‘ঢং’ বললেন পররাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্ক :

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। দেশটির এই ভ্রমণ সতর্কতাকে ‘ঢং’ হিসেবে আখ্যা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘যুক্তরাজ্যের ঢং আগে কম ছিল। এখন বেড়ে গেছে মনে হয়।’

বিএনপির সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় কূটনীতিক পাড়ায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হবে কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের এ বিষয়ে চিন্তার কোনো কারণ নেই। আমরা মনে করি না এটি নিয়ে বিরাট কোনো কিছু হবে। এটি নিয়ে আমরা চিন্তিত নই।’

এর আগে, মঙ্গলবার (৬ ডিসেম্বর) ঢাকায় যুক্তরাজ্য দূতাবাস এক ‘ট্রাভেল অ্যাডভাইজরিতে’ বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাচলের অনুরোধ করেছে।

দূতাবাসের আশঙ্কা, রাজনৈতিক সমাবেশের কারণে চলাচল, যোগাযোগ ও যানবাহনের গতিবিধি বিঘ্নিত হতে পারে।

উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে বিভাগীয় মহাসমাবেশ করার ডাক দিয়েছে বিএনপি। তারা দলীয় কার্যালয় নয়াপল্টনের সামনে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে।

তবে ১০ ডিসেম্বর বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি। বিষয়টি নিয়ে সরকার ও বিএনপির মধ্যে পাল্টাপাল্টি বিতর্ক চলছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন