নড়াইল অফিস :
নড়াইল শহর সংলগ্ন আউড়িয়া ইউনিয়নের নাকশী গ্রামের ভিতর থেকে বাজার আসার এক কিলোমিটার সড়ক পাকা হয়নি। প্রায় ৫০ বছর আগে সড়কটি জনগনের চলাচলের জন্য তৈরী হলেও উন্নয়নে এলাকাবাসীর প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
বছরের পর বছর ধরে ইউনিয়ন পরিষদ,জেলা পরিষদ,উপজেলা পরিষদে ধন্না দিয়েও পাকা করা যায়নি সড়কটি। রাস্তা পাকাকরন না হওেয়ায় প্রতীকি কর্মসূচী হিসেবে কাচারাস্তায় ধান লাগিয়েছে এলাকার সাধারন মানুষ। একই সময়ে সড়কের পাশে মানববন্ধন করেছে। ভূক্তভোগী গ্রামবাসীর আয়োজনে শনিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নারী-পুরুষ, শিশু-কিশোর, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। এর আগে কাঁদা রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ জানিয়েছেন ভূক্তভোগীরা।
গ্রামবাসী জানায়, নাকশী গ্রামের এই অংশে শতাধিক কৃষক পরিবার বসবাস করেন। পরিবারের কৃষিপণ্য আনা-নেয়াসহ শিক্ষক-শিক্ষার্থী, অসুস্থ রোগিদের হাসপাতালে যাতায়াত ছাড়াও নিত্যদিনের চলাফেরায় চরম কষ্ট হচ্ছে। বর্ষাকাল ছাড়াও অন্য সময়ে একটু বৃষ্টি হলেই এই রাস্তায় পায়ে হেটেও যাতায়াত করা যায় না। গরু বা ঘোড়ার গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন এই কাঁদা রাস্তায় চলাচল করতে পারে না।
প্রতিবাদে অংশ নেয়া নাকসী গ্রামের রবিউল ইসলাম জানায়,আশেপাশের রাস্তাগুলো পাকা হলেও মাত্র এক কিলোমিটার রাস্তা কাঁচা থাকায় গ্রামবাসীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে। বছরের পর বছর ধরে বিভিন্ন জনের কাছে ধন্না দিয়েও কোন লাভ হয়নি।
একই গ্রামের চুন্নু মৃধা, আলামিন মৃধা, নাদিরা বেগম, হুরি বেগম বলেন,এই রাস্তা চলাচলের একেবারে অযোগ্য, এখানে ধান লাগানোর উপযুক্ত, যতদিন রাস্তা পাকা না হবে এভাবে ধান লাগিইে যাব। দ্রুত রাস্তাটি পাকা করার দাবী তাদের।
