হোম জাতীয় ভর্তুকি দিয়ে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার আহ্বান ক্যাবের

জাতীয় ডেস্ক :

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে সরকারকে ভর্তুকি দিয়ে হলেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে নিয়ে আসার আহ্বান জানিয়েছে কনজুমারস্ এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সিলেট জেলা কমিটি।

সোমবার (১৪ মার্চ) দুপুর দেড়টায় নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের প্রতি এ আহ্বান জানান ক্যাব সিলেট জেলা কমিটির সভাপতি জামিল চৌধুরী।

জামিল চৌধুরী বক্তব্যে বলেন, রমজানে পণ্যের মূল্যবৃদ্ধি রোধে সিলেট বিভাগে বিশেষ পাইলট কর্মসূচি হাতে নিয়েছে ক্যাব। এর অংশ হিসেবে ইতোমধ্যে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আগামীকাল (১৫ মার্চ) জেলা প্রশাসক কার্যালয়ে ক্যাবের উদ্যোগে আরেকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এ সভায় ক্যাবের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সভায় পবিত্র রমজানে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ নিয়ে সংশ্লিষ্টদের উপস্থিতিতে বিস্তারিত আলোচনা হবে।

তিনি বলেন, প্রতিষ্ঠাকাল থেকে সিলেটসহ সারাদেশে ভোক্তার স্বার্থ সংরক্ষণ ও সুরক্ষায় কাজ করে চলেছে ক্যাব। পবিত্র রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে এই প্রথম কার্যক্রম চালাচ্ছে স্বেচ্ছাসেবী এ সংস্থা। কার্যক্রমের অংশ হিসেবে সিলেট বিভাগের বাজার-হাটে আগামী ১ মাস লিফলেট বিতরণের মাধ্যমে প্রচার অভিযান চালানো হবে। যাতে ব্যবসায়ীরা অসাধু পন্থায় পণ্য মজুদ করে দাম না বাড়ান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন