মান্না দে, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ কমায় দীর্ঘদিন পর রোববার (১২ সেপ্টেম্বর) সরকারি নির্দেশনায় সারা দেশের মতো ফকিরহাটে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। শতভাগ স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে স্ব শরীরে পাঠদান। শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম সহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী।
শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের সময় শরীরের তাপমাত্রা মাপার পর প্রত্যেক শিক্ষার্থীকে সাবান দিয়ে হাত ধুইয়ে অথবা হ্যান্ড সানিটাইজার করে শ্রেণি কক্ষে প্রবেশ করানো হয়। এছাড়াও কনোকোন শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কক্ষে পাঠদান শুরুর আগে করোনা সংক্রমণ প্রতিরোধে করনীয় বিষয়ে আলোচনা করা হয়।
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মাস্ক পরাসহ শতভাগ স্বাস্থ্যবিধি প্রতিপালন কঠোরভাবে নজরদারিতে রেখেছেন শিক্ষা বিভাগের কর্মকর্তারা।
ঢং ঢং করে বেজে উঠলো কাঙিক্ষত ঘণ্টা। আর এর মধ্য দিয়েই দীর্ঘ ১৮ মাস পর শুরু হলো প্রথম দিনের ক্লাস। স্কুলে প্রবেশ করেই আনন্দ-উচ্ছ্বাসে আত্মহারা হয়ে পড়ে শিক্ষার্থীরা। এ স্কুলের মত একইভাবে কলেজ ও স্কুল মুখরিত হয়ে ওঠে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায়। ###
