নড়াইল প্রতিনিধি:
নড়াইলে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। এ উপলক্ষে ২৫ মে সোমবা্র সন্ধায় শহরের সুলতান মঞ্চে আলোচনা সভা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘গ্রেভ শিল্পী গোষ্ঠী’ এবং ‘সুর দরিয়া নড়াইল’-এর যৌথ উদ্যোগে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গ্রেভ শিল্পী গোষ্ঠীর সভাপতি দীলিপ রাহা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় কুমার কুন্ডু, খুলনা বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগ,সাবেক বিভাগীয় প্রধান বিমানেশ বিশ্বাস, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ মায়া রানী, নড়াইল প্রেস ক্লাব।সাধারণ সম্পাদক, মাহবুবুর রশিদ লাবলু, প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সাম্য, প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলাম তাঁর লেখনীর মাধ্যমে বাঙালি জাতিকে চিরকাল অনুপ্রাণিত করে গেছেন। অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে তাঁর কবিতা ও গান আজও আমাদের পথ দেখায়। নতুন প্রজন্মের মাঝে নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ও সাহিত্যকর্ম ছড়িয়ে দেওয়ার ওপর বক্তারা গুরুত্ব আরোপ করেন।
আলোচনা সভা শেষে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে শিল্পীরা নজরুলের বিখ্যাত সব উদ্দীপনামূলক গান, প্রেম ও বিরহের নজরুলগীতি এবং কবিতা আবৃত্তি করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। অনুষ্ঠানে নড়াইলের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক নজরুলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
