হোম জাতীয় দেশে ২১ বছরের কম বয়সীদের মদপান নিষিদ্ধ

জাতীয় ডেস্ক :

যাদের বয়স ২১ বছরের কম, তাদের জন্য মদপান নিষিদ্ধ করেছে সরকার। পাশাপাশি অ্যালকোহল সেবন ও ব্যবহারের জন্য সরকারের অনুমতি নিতে হবে। একইসঙ্গে অ্যালকোহল সম্পর্কিত অনুমতির জন্য লাইসেন্স, অনুমোদন ও নবায়ন ফি বাড়ানো হয়েছে।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন জারি করা অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ এ অ্যালকোহলের বিক্রয়, বিপণন, আমদানি-রফতানি, সংরক্ষণ, উৎপাদন, প্রক্রিয়াকরণ এবং সেবনে শৃঙ্খলা নিশ্চিত করার জন্য এই বিধানগুলো যুক্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সঠিকভাবে বাস্তবায়নের জন্য এসব বিধি জারি করা হয়।

নতুন অ্যালকোহল ক্রয়-বিক্রয় বিধিতে বলা হয়েছে, বিশেষ কোনো কারণ ছাড়া অনুমোদিত ব্যক্তির কাছে একবারে সর্বোচ্চ তিন বোতল এবং এক মাসে ৭ বোতল অ্যালকোহল বিক্রি করা যেতে পারে। এছাড়া কোনো এলাকায় কমপক্ষে ১০০ জন স্থানীয় মদের লাইসেন্সধারী বা বিদেশি থাকলে সে এলাকায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অ্যালকোহল বিক্রির লাইসেন্স দিতে পারবে।

এছাড়া বার, অফ-শপ, অন-শপ এবং দেশি মদের দোকান শুক্রবার, মহরম, শব-ই-বরাত, ঈদ-ই-মিলাদুন্নবী, শব-ই-কদর, ঈদ-উল-ফিতরের দিন বন্ধ রাখতে হবে। ঈদুল আযহাসহ অন্যান্য সরকারি ছুটিতেও মদের দোকান বন্ধ রাখতে হবে।

অ্যালকোহল বহন ও পরিবহনের জন্যও পাসের প্রয়োজন হবে, পাশাপাশি আমদানি-রফতানি, উৎপাদন, প্রক্রিয়াকরণ, সরবরাহ, বিপণন, বিক্রয়, ক্রয়, সংরক্ষণ ইত্যাদির জন্যও লাইসেন্স থাকতে হবে। সব ধরনের অ্যালকোহল সম্পর্কিত অনুমতির জন্য লাইসেন্স, অনুমোদন এবং নবায়ন ফিও বাড়ানো হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মো. মাসুদ হোসেন বলেন, নতুন নিয়মে অ্যালকোহল সেবনের বয়স সীমাবদ্ধতাসহ বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে। এ খাতে শৃঙ্খলা আনতেই নতুন এসব শর্ত যোগ করা হয়েছে।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন