হোম চট্টগ্রামলক্ষ্মীপুর কুকুর-বিড়ালের কামড়ে আহত অর্ধশতাধিক

অনলাইন ডেস্ক:

লক্ষ্মীপুরে কুকুর ও বিড়ালের কামড়ে অর্ধশতাধিক নারী-পুরুষ ও শিশু আহত হয়েছেন। শনিবার (২৭ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর হাসপাতালে এসে আক্রান্তরা চিকিৎসা সেবা নিয়েছেন। সদর উপজেলার বিভিন্ন এলাকায় সকাল থেকে কুকুর-বিড়ালের কামড় ও আঁচড়ে আহত হন তারা।

আহত রোগীদের মধ্যে ভ্যাকসিন নিয়েছেন মো. মুয়াজ (১৬), আবির (আড়াই বছর), আব্দুর রহিম (৫৫), রহিমা খাতুন (৩০), রিনা আক্তার (২৯), শামছুন নাহার (৪৫), মিতু (২৩), ফরহাদ (৮), হোসনেয়ারা (৩৫), রিহান মাহমুদ (৬) ও সাব্বির আহমেদসহ (১৮) প্রায় ৬০ রোগী।

সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চররুহিতা গ্রামের ৩৫ বছর বয়সী হোসনেয়ারা বেগমের গালে কুকুর কামড় দেয়৷ তিনি বলেন, আমি মোবাইল ফোনে বিদেশে আমার স্বামীর সঙ্গে কথা বলছিলাম। হঠাৎ করে একটি কুকুর এসে আমার গালে কামড় দেয়। এতে রক্তাক্ত জখম হই।

একই গ্রামের ৬ বছর বয়সী রিহান মাহমুদ নামে এক শিশুকেও হাসপাতালে কুকুরের কামড়ের ভ্যাকসিন দেয়া হয়েছে। সকালে বাড়ির উঠানে রিহান খেলছিল। এ সময় কুকুর এসে রিহানের ওপর ঝাঁপিয়ে পড়ে। কুকুরটি তার হাতের বাহু ও পিঠে তিনটি কামড় দেয়।

বিড়ালের কামড়ে আহত লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার ১৮ বছর বয়সী সাব্বির আহমেদও ভ্যাকসিন নিয়েছেন। তিনি বলেন, বিড়াল নিয়ে দুষ্টামি করছিলাম। এরমধ্যেই বিড়াল আমার হাতের আঙ্গুলে কামড় দেয়। কোনো সমস্যা হয় কিনা, এ নিয়ে ভয় লাগছে। এজন্য হাসপাতালে এসে ভ্যাকসিন নিয়েছি।

ভ্যাকসিন প্রদানকারী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আব্দুর রব বলেন, সকাল থেকে ভ্যাকসিন দিচ্ছি। বিপুল সংখ্যক রোগী এসেছে। রোগীদের হাত-পিঠ ও গালসহ শরীরের বিভিন্ন অংশে কুকুর-বিড়ালের কামড়ের দাগ রয়েছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ৩০ জন লোক ভ্যাকসিন নিয়েছেন। গত কয়েকদিনে কুকুর ও বিড়ালের কামড়ে প্রায় ৬০ রোগীকে ভ্যাকসিন দেয়া হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন