আন্তর্জাতিক ডেস্ক :
নিষেধাজ্ঞা সত্ত্বেও নিজেদের পরমাণু কর্মসূচি শক্তিশালী করার ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সশস্ত্র বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সামরিক প্যারেডে অংশ নিয়ে এ ঘোষণা দেন তিনি।
ব্লমবার্গ জানায়, এদিন প্রদর্শন করা হয় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিএমবিএস। বিশ্লেষকরা বলছেন, এমন ঘোষণা দিয়ে পশ্চিমাদের এক ধরনের হুমকিই দিলেন কিম।
আবারও নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করল উত্তর কোরিয়া। সোমবার দেশটির সশস্ত্র বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সামরিক প্যারেডে অত্যাধুনিক সব সমরাস্ত্র প্রদর্শন করা হয়। সামরিক প্যারেডে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিএমবিএস প্রদর্শন করা হয়। যা ২০১৭ সালে যুক্তরাষ্ট্র নিষিদ্ধ করার পরও গতমাসে পরীক্ষা চালায় পিয়ংইয়ং।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। বিতর্ক আর কিম যেন একে অপরের পরিপূরক। বার বার বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসতেই যেন পছন্দ করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ এই নেতা।
সোমবার আবারও বিতর্কের জন্ম দিলেন কিম। সামরিক প্যারেডে অংশ নিয়ে নিষেধাজ্ঞা সত্ত্বেও নিজেদের পরমাণু কর্মসূচি বাড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। বলেছেন, দ্রুতগতিতে দেশের পারমাণবিক ক্ষমতা বাড়ানোর পদক্ষেপ নেবে তার প্রশাসন। এমনকি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যায় এমন পারমাণবিক অস্ত্র তৈরির কথাও জানান তিনি।
কিমের এই ঘোষণার পর আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এমন মন্তব্য করে পশ্চিমাদের এক ধরনের হুমকিই দিলেন কিম। কারণ, তার কথাতেই পরিষ্কার, উত্তর কোরিয়াকে কেউ আঘাত করলে পাল্টা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে দেশটি। যদিও, পশ্চিমা নেতারা এখনও কিমের ঘোষণা নিয়ে কোনো মন্তব্য করেন নি।
