কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের করিমগঞ্জে মায়ের পরকিয়ায় বাঁধ দেওয়ায় সন্তানকে হত্যা করার অভিযোগ উঠেছে। করিমগঞ্জ উপজেলার চর দেহুন্দা গ্রামে মেয়েকে গলা চেপে হত্যা করেছে এক পাষন্ড মা।
৩ নভেম্বর বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত মোছাঃ মায়শা আক্তার (১৮) চর দেহুন্দা গ্রামের আব্দুল্লাহর মেয়ে। মায়শা কওমী মহিলা মাদ্রাসার মেশকাতের ছাত্রী।
আজ বৃহস্পতিবার (০৪ নভেম্বর) সকালে লাশ উদ্ধার ও এ ঘটনায় মা স্বপ্না আক্তারকে আটক করেছে থানা পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, স্বপ্না আক্তারের সাথে তার খালাতো ভাই ফাইজুলের পরকীয়ার কথা মেয়ে মায়শা আক্তার (১৮) জেনে গেলে মায়শা তার মাকে ইসলামী জ্ঞান দ্বারা অনেক ভাবে বুঝায়। ব্যার্থ হয়ে মায়শা তার বাবার কাছে সব কিছু বলে দেবে এ কথা তার মাকে জানালে তার মা স্বপ্না আক্তার ও তার খালাতো ভাই দু’জনে মিলে মাইশাকে গলায় চেপে হত্যা করে।
করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ও.সি) শামছুল আলম সিদ্দিকী বলেন, লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর ঘটনার প্রকৃত রহস্য জানা যাবে। এ ঘটনায় স্বপ্নাকে আটক করা হলেও তার পরকিয়া প্রেমিক পালিয়ে যায়।
