হোম আন্তর্জাতিক ইরানে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের মরুভূমিতে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মে) এ দুর্ঘটনা ঘটে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানায়, ইসফাহান শহরের কাছে আনারক প্রশিক্ষণস্থলে বিমানটি বিধ্বস্ত হয়। তবে দুর্ঘটনার কারণ জানা যায়নি উল্লেখ করে এর তদন্ত চলছে বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনীর ‘ঘনিষ্ঠ’ এ সংবাদ সংস্থাটি।

ইরানের বিমান বাহিনীর কাছে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের আগে কেনা যুক্তরাষ্ট্রে তৈরি সামরিক বিমানের একটি ভাণ্ডার রয়েছে। রাশিয়ার তৈরি মিগ ও সুখোই বিমানও রয়েছে তাদের বহরে।

কয়েক দশক ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে বিমানের খুচরা যন্ত্রাংশ কেনা এবং পুরনো বিমানগুলো রক্ষণাবেক্ষণ করা কঠিন হয়ে পড়েছে তেহরানের জন্য। ফলে দেশটিতে প্রায় নিয়মিতই ছোট-বড় অনেক দুর্ঘটনা ঘটে।

গত ফেব্রুয়ারিতেও দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাব্রিজ শহরে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে পাইলট এবং এক বেসামরিক ব্যক্তি নিহত হন।

ইরান তার এফ-৭ যুদ্ধবিমানকে চীনা জে-৭ যুদ্ধবিমানের আদলে তৈরি করেছে বলে মনে করা হয়, যা সোভিয়েত যুগের মিগ-২১ বিমানের অনুলিপি হিসেবে বিবেচিত।

পাকিস্তান, ইরান, সুদান এবং উত্তর কোরিয়ার মতো দেশগুলোতে পণ্য রফতানির এ মডেলের বিমান তৈরি করে বেইজিং। আর ইরানের পাইলটরা কয়েক বছর ধরে প্রশিক্ষণের জন্য এফ-৭ ব্যবহার করে আসছে।

চার বছর আগেও একইভাবে একটি এফ-৭ বিমান অনুশীলনের সময় ইসফাহানের কাছে বিধ্বস্ত হয়েছিল। সেসময় তদন্তের পর কর্তৃপক্ষ জানায়, প্রযুক্তিগত সমস্যার কারণে বিধ্বস্ত হয় বিমানটি।

ইরানের প্রভাবশালী ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কর্নেল হত্যার ‘প্রতিশোধ’ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। সোমবার (২৩ মে) দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হত্যাকাণ্ডের পেছনে আধিপত্যবাদী শক্তির হাত রয়েছে দাবি করে পাল্টা জবাবের ঘোষণা দেন।

এদিকে কর্নেল সৈয়দ খোদাই হত্যায় জড়িত সন্দেহে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের দুই সদস্যকে আটকের দাবি করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি তেল আবিব।

গত রোববার (২২ মে) রাজধানী তেহরানে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের সদস্য কর্নেল সৈয়দ খোদাই। এদিন মোটরসাইকেল থেকে তাকে পাঁচটি গুলি করা হয়। কাজ শেষে নিজ গাড়িতে করে বাড়ির গেটের কাছে আসার পরপরই গুলি করা হয় তাকে।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন