বাণিজ্য ডেস্ক :
বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
মঙ্গলবার (১৯ জুলাই) সন্ধ্যায় বঙ্গভবনে বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর আব্দুর রউফ তালুকদার সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ নির্দেশনা দেন।
এসময় তিনি দেশীয় আর্থিক বাজারের প্রসার ও উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতেও বাংলাদেশ ব্যাংককে তাগিদ দেন।
করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় আর্থিক ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে রাষ্ট্রপতি এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম আরও জোরদার করার পরামর্শ দেন।
নতুন গভর্নরকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ব্যাংক আর্থিক খাতের প্রকৃত নিয়ন্ত্রক সংস্থা হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।
এসময় নবনিযুক্ত গভর্নর তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতিকে সার্বিক সহযোগিতা ও তার থেকে দিকনির্দেশনা কামনা করেন।
