জসিম উদ্দিন:
পরিবারের সদস্যদের সাথে দেখা করতে এসে কোস্টগার্ড এর হাতে আটক হলো সুন্দরবনের কুখ্যাত দস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আব্দুস সামাদ মোল্লা। পরে তার দেয়া তথ্যমতে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
মঙ্গলবার( ২১ এপ্রিল) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তর এক প্রেস ব্রিফিং করে নেভিগেটিং কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার জামিলুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, সুন্দরবনের কুখ্যাত দস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সুন্দরবন হতে বাগেরহাটের রামপাল উপজেলার শুকদারা বাজার সংলগ্ন এলাকায় পরিবারের সাথে সাক্ষাতের জন্য আসে।এমন তথ্যের ভিত্তিতে
২০ এপ্রিল রাত ১০ টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে সুন্দরবনের কুখ্যাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মোঃ আব্দুস সামাদ মোল্লাকে আটক করা হয়।
পরবর্তীতে আটককৃত দস্যু সামাদের দেওয়া তথ্যের ভিত্তিতে, আজ মঙ্গলবার ( ২১ এপ্রিল) মধ্যরাত ২টায় সুন্দরবনের নন্দবালা খাল সংলগ্ন এলাকা হতে ১টি একনলা বন্দুক, ১টি এয়ার গান ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
আটককৃত ডাকাত মোঃ আব্দুস সামাদ মোল্লা (৩৫) বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে দস্যুতা করে আসছিলো বলে জানায় কোস্টগার্ড।
চলমান “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”-এর আওতায় অভিযান পরিচালনা করে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে আটক করা হয়।
তিনি আরও বলেন, সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
