মোল্লাহাট(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে, মোল্লাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন। তিনি তাঁর বক্তব্যে গ্রাম আদালতের কার্যকারিতা তুলে ধরে বলেন, গ্রামীণ পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে নিষ্পত্তির জন্য গ্রাম আদালত একটি কার্যকর ব্যবস্থা। এ বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কর্মশালায় স্থানীয় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”— এই বার্তাটি জনগণের মাঝে ছড়িয়ে দিতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি হলে আদালতের ওপর চাপ কমবে এবং সামাজিক সম্প্রীতি বজায় থাকবে। উল্লেখ্য, কর্মশালাটি বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ – ৩য় পর্যায় প্রকল্প-এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়। প্রকল্পটি স্থানীয় সরকার বিভাগ-এর অধীনে বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (ফকিরহাট সার্কেল) মোহাম্মদ রাশেদুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ সাদিয়া সুলতানা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা সুধান কুমার রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আকতার, সমাজসেবা কর্মকর্তা মোঃ ওসমান হামিদ, এসআই বিজন সরকার, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, ব্যাপ্টিস্টের এইড এর ব্যবস্থাপক রিচার্জ স্বপন দাস, ব্যুরো বাংলাদেশের শাখা ব্যবস্থাপক হুমায়ুন কবির, আদ দ্বীনের সহকারী ব্যবস্থাপক এস এম কামরান আহমেদ প্রমূখ। কর্মশালা সঞ্চালনা করেন গ্রাম আদালতের মোল্লাহাট উপজেলা সমন্বয়কারী মিতা দে।
