আন্তর্জাতিক ডেস্ক :
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। এর মধ্যে ভারতের উত্তরপ্রদেশে চলমান বন্যায় ১০ লাখের বেশি মানুষ ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
সংকট দেখা দিয়েছে খাবারের। এদিকে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে মেক্সিকো সিটির কয়েক হাজার বাড়ি। বন্যা চলছে ভেনেজুয়েলাতেও।
ভারত
বন্যার পানিতে ঘরের নিচু অংশ তলিয়ে যাওয়ায় জায়গা হয়েছে ছাদের ওপরে। সেখানেই বসবাস, আবার খাওয়া দাওয়ায়ও সেখানেই। ভারতের উত্তরপ্রদেশের গোরাখপুর গ্রামের প্রতিটি বাড়ির দৃশ্য এখন একই রকম।
টানা কয়েক দিন ধরেই পানিতে তলিয়ে আছে অঞ্চলটি। পানিতে তলিয়ে যাওয়ায় অনেকের অবস্থান হয়েছে খোলা রাস্তায়। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, উত্তরপ্রদেশে চলমান বন্যায় ১০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখা দিয়েছে চরম খাদ্য সংকট।
ভুক্তভোগী জানান, গবাদিপশুগুলো নিয়ে রাস্তায় এসেছি, কয়েক দিন হয়ে গেল বাড়িতে যেতে পারছি না। না পশুদের খাওয়াতে পারছি, না নিজে কিছু খেতে পারছি। বন্যায় না খেয়ে মরতে হবে।
মেক্সিকো
টানা কয়েক দিনের বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে মেক্সিকো সিটির নিচু এলাকাগুলোতে। মেক্সিকো সরকারের তথ্যমতে, কয়েক হাজার ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। বন্যার পানি নামতে কয়েক দিন সময় লাগবে জানিয়ে সবাইকে নিরাপদে থাকতে বলেছে প্রশাসন। এর আগে গেল সপ্তাহে দেশটিতে বন্যায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: তালেবান সরকারে নেই নারী, উদ্বেগ বাইডেনের
ভেনেজুয়েলা
এদিকে ভারি বৃষ্টিতে তলিয়ে গেছে দক্ষিণ আমেরিকান দেশ ভেনেজুয়েলার উত্তরাঞ্চল। বৃহস্পতিবারের বৃষ্টিতে প্রায় তিন হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
