জাতীয় ডেস্ক :
রাজশাহীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ মার্চ) দুপুরে নগরীর বড়কুঠি এলাকায় এ ঘটনা ঘটে।
শাহীন ও নীরব নগরীর বড়কুঠি বোয়ালিয়া এলাকার বাসিন্দা। তারা দুজনই রেশমপট্টি মডেল স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
ফায়ার সার্ভিস জানায়, দুপুরে নগরীর বড়কুঠি এলাকায় ফুটবল খেলা দেখে পদ্মা নদীতে গোসল করতে নামে শাহীন, নীরব ও তাদের বন্ধুরা। সাঁতার কাটতে কাটতে শাহীন ও নীরব মাঝনদীতে চলে যায়। পরে স্রোতের তোড়ে তারা ডুবে যায়। পরে স্থানীয়রা শাহীন ও নীরবকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার জেলখানাঘাট এলাকায় হলি উৎসব শেষে নদীতে গোসল করতে নামে শিক্ষার্থীরা। এ সময় পানিতে ডুবে যায় ৩ শিক্ষার্থী। পরে স্থানীয়রা একজনকে জীবিত উদ্ধার করলেও নিখোঁজ রয়েছে ২ শিক্ষার্থী।
