হোম অন্যান্যসারাদেশ ‘জয় বাংলা’স্লোগানে স্লোগানে ইঞ্জিনিয়ার মোশাররফকে শেষ বিদায়

‘জয় বাংলা’স্লোগানে স্লোগানে ইঞ্জিনিয়ার মোশাররফকে শেষ বিদায়

কর্তৃক Editor
০ মন্তব্য 44 ভিউজ

নিউজ ডেস্ক:
স্লোগানে স্লোগানে বিদায় জানানো হলো রণাঙ্গণের সেনানী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল ১০টা থেকে জানাজায় অংশ নিতে বিভিন্ন শ্রেনি পেশার মানুষ জড়ো হতে থাকেন। জানাজা শেষ হতেই মরদেহ নিয়ে রাখা হয় অ্যাম্বুলেন্সে। তখনই মাঠের চারপাশ থেকে হাজারো সহযোদ্ধা, রাজনৈতিক সহচর ও অনুসারীরা অ্যাম্বুলেন্স ঘিরে স্লোগান ধরেন।

তার কণ্ঠে ওঠে ‘বীর চট্টলার মোশাররফ ভাই, আমরা তোমায় ভুলি নাই’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান।

নেতাকর্মীরা স্লোগান ধরে প্রিয় নেতার মরদেহবাহী গাড়ির সঙ্গে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠ থেকে বের হয়ে আসেন। এসময় পুলিশ সদস্যরা মাঠের মূল ফটকে দাঁড়িয়ে ছিল। অ্যাম্বুলেন্সটি মীরসরাইয়ের ধুম গ্রামের উদ্দেশে রওনা হয়।

জানাজায় সব রাজনৈতিক দল ও শ্রেণি পেশার মানুষ শামিল হন। চট্টগ্রাম সিটির মেয়র বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন জানাজার আগে বলেন, “বর্ণাঢ্য একজন রাজনীতিবিদ বৃহত্তর চট্টগ্রামের জন্য অনেক অবদান রেখেছেন প্রাক্তন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। আমি মহানগর বিএনপির পক্ষ থেকে, চট্টগ্রাম সিটি করপোরেশন এবং মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি।

“উনার অবদানের জন্য চট্টগ্রামবাসী উনাকে সবসময় স্মরণে রাখবেন। মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করব যেন উনাকে জান্নাতবাসী করেন। চট্টগ্রামবাসী উনাকে সবসময় স্মরণ রাখবে।”

উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান বলেন, “একাত্তরের মুক্তিযুদ্ধে তার ভূমিকা চিরদিন মনে রাখতে হবে। তিনি আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন। সারাজীবন তার সাথে রাজনীতি করেছি।”

সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, “পাকিস্তান আমল থেকে উনার সাথে আমার স্মৃতি। চট্টগ্রামের উন্নয়নে অনেক উদ্যাোগ নিয়েছেন। তিনি কথা শুনতেন। চট্টগ্রামের ইতিহাসে মোশাররফ হোসেন এক অবিস্মরণীয় নাম হয়ে থাকবে।

“মুক্তিযুদ্ধের প্রথম কাতারের নেতা তিনি। যুদ্ধে অনেক প্রেরণা, উৎসাহ ও ভূমিকা তার। চট্টগ্রামের উন্নয়নে উনার ভূমিকা অনেক বড়। তার কথা বলে শেষ করা যাবে না। উন্নয়ন পরিকল্পনা তিনি ভালো বুঝতেন। আজ উনি চলে যাচ্ছেন। তিনি মানুষের কল্যাণে কাজ করে গেছেন। রাজনীতিবিদ হিসেবে উনি কেমন আজকের এইদিনে এমন জানাজা তা প্রমাণ করে।”

মোশাররফ হোসেনের সন্তান সাবেদুর রহমান বলেন, “দীর্ঘদিন আইসিইউতে থাকার পর তিনি চলে গেছেন। উনি একজন বীর মুক্তিযোদ্ধা। দেশের উন্নয়নে উনি কাজ করেছেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।

“উনার দীর্ঘ পথচলায় কারো মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দিবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানাই জানাজা আয়োজনে সহযোগিতার জন্য।”

শ্রদ্ধা জানান সিপিবি নেতা মোহাম্মদ শাহ আলম, ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনী, মীরসরাই অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। জানাজা অংশ নেয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, সিপিবিসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা।

১৯৪৩ সালের ১২ জানুয়ারি চট্টগ্রামের মীরসরাই উপজেলার ধুম গ্রামে মোশাররফ হোসেনের জন্ম। তার বাবা এস রহমান ষাটের দশকে প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন। দেশভাগের পর তিনি কলকাতা চট্টগ্রামে চলে আসেন এবং ‘ওরিয়েন্ট বিল্ডার্স কর্পোরেশন’ নামে একটি কোম্পানি খুলে ব্যবসা শুরু করেন।

মোশাররফ হোসেন চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মেট্রিক এবং স্যার আশুতোষ সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট শেষ করে তিনি। লাহোরে ইঞ্জিনিয়ারিং পড়ার সময় ছয় দফা আন্দোলনে সম্পৃক্ত হন। সে সময় তিনি পূর্ব পাকিস্তান ছাত্র পরিষদের সভাপতির দায়িত্বও পালন করেন।

লাহোর থেকে দেশে ফিরে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন এবং ১৯৭০ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। এই মুক্তিযোদ্ধা ১ নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার ছিলেন। যুদ্ধের সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনের নেতৃত্ব দেন তিনি।

১৯৭২ সালের সংবিধান প্রণেতাদের অন্যতম মোশাররফ হোসেন চট্টগ্রামের মীরসরাই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে ছয়বার এমপি হয়েছেন। আমৃত্যু তিনি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য।

আওয়ামী লীগের ১৯৯৬-২০০১ মেয়াদের সরকারে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। পরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান। পরে ২০১৪-২০১৯ মেয়াদের আওয়ামী লীগ সরকারেও তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

চব্বিশের জুলাই আন্দোলনে আওয়ামী লীগের সরকার পতনের পর ওই বছরের ২৭ অক্টোবর রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

পরের বছর ২০২৫ সালের ৫ অগাস্ট রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে কারাগারের হাসপাতাল থেকে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গত ১৪ অগাস্ট জামিনে মুক্তি পান তিনি।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার ছেলে মাহবুব রহমান রুহেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে চট্টগ্রাম ১ আসন থেকে এমপি হয়েছিলেন।

বৃহস্পতিবার বিকালে মীরসরাইয়ে দাফনের আগে এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন