কালিগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জে জয়নাল আবেদীন নামে এক চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র কেড়ে নিয়ে মারধরের অভিযোগ পাওয়া গেছে। তিনি বর্তমানে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় কামরুল নামে আরও একজনকে মারধর করা হয়েছে।
সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। জয়নাল আবেদীন কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের দুঃখী মাহমুদের ছেলে ও ৯নং বারবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। আহত জয়নাল আবেদীন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কালীগঞ্জ উপজেলার ৯নং বারাবাজার ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চেয়েছিলেন।
হাসপাতালে চিকিৎসাধীন জয়নাল আবেদীন জানান, সোমবার বিকেলে মোটরসাইকেলে দুইজন ৯নং বারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন। উপজেলা গেটের সামনে পৌঁছালে বারবাজার এলাকার সুমন, সোহাগ, শাহারুল, আরিফসহ কয়েকজন যুবক গতিরোধ করে। এরপরই মারধর শুরু করে। দুই চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে দেয়। এ সময় পকেটে থাকা ১৪ হাজার টাকা ও মনোনয়নপত্রসহ সকল কাগজপত্র ছিনিয়ে নেয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক শেখ আফসানা জানান, মুখে বেশ কয়েক স্থানে আঘাতপ্রাপ্ত। চোখে বেশ আঘাত লেখেছে। আমরা তাকে ভর্তি রেখেছি।
কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান জানান, এখনো এ ব্যাপারে কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নিবো।
