কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ায় আসন্ন ইউনিয়ন পরিষদের সাধারন নির্বাচনে-২১’ ভোটকেন্দ্রে নিয়োজিত ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সোমবার(১৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সরকারী পাইলট হাইস্কুল মিলনায়তনে কর্মশালার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় নির্বাচন অফিসার ইউনুছ আলী, সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজিব খাঁন, জেলা নির্বাচন অফিসার নাজমুল কবির। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাসের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, কৃষি অফিসার রফিকুল ইসলাম,সমাজ সেবা অফিসার নুরে আলম নাহিদ, বিআরডিবি’র আরডিও এস,এম সোহেল হোসেনসহ উপজেলা ১০ ইউনিয়নের ৯০ টি ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং ও পোলিং অফিসারগণ।
সভায় প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, আসন্ন ইউপি নির্বাচন সুষ্ঠ, সুন্দর ও নিরপেক্ষতা বজায় রেখে অনুষ্ঠানের উপর গুরুত্ব আরোপ করেন। উল্লেখ্য, কোভিড-১৯ প্রতিরোধে স্থগিত হওয়া উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের মধ্যে সরকার ঘোষিত ১০ টি ইউনিয়ন পরিষদের সাধারন নির্বাচন আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে নির্বাচন অফিস সূত্রে জানা যায়।
