আন্তর্জাতিক ডেস্ক :
ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের পর বহু মানুষ আশ্রয় নিয়েছে পার্শ্ববর্তী পোল্যান্ডসহ বিভিন্ন দেশে। এবার ইউক্রেন থেকে শরণার্থী নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার (২৪ মার্চ) বাইডেন প্রশাসন ঘোষণা দিয়েছে, তারা সর্বোচ্চ ১ লাখ ইউক্রেনীয় শরণার্থীকে আশ্রয় দিতে রাজি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইউরোপ সফর চলাকালে এ ঘোষণা দিল ওয়াশিংটন। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জাতিসংঘ ও বিভিন্ন সংস্থার তথ্যমতে, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এ পর্যন্ত ৩৫ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছে। এদের বেশির ভাগই আশ্রয় নিয়েছে আশপাশের দেশগুলোতে।
বাইডেন প্রশাসন বলেছে, তারা ইউক্রেনীয় শরণার্থীদের সবরকম সুযোগ-সুবিধা দিতে প্রস্তুত। আগ্রহী ইউক্রেনীয়দের জন্য শরণার্থী পুনর্বাসন কর্মসূচিসহ বৈধ সব ধরনের উপায় ব্যবহার করবে তারা।
সংবাদমাধ্যম রয়টার্স জানায়, বাইডেন প্রশাসন ইউক্রেনীয় শরণার্থীদের জন্য পরিবারভিত্তিক ভিসা বা মানবিক প্যারোল নামে পরিচিত আরেকটি অস্থায়ী প্রক্রিয়া ব্যবহার করতে পারে।
অবশ্য মার্কিন কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনীয় শরণার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত হলেও এসব মানুষ ইউরোপে থাকতেই বেশি আগ্রহী। সেখানে তারা ভিসামুক্ত চলাচলের সুবিধা পান।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি শরণার্থী আশ্রয় নিয়েছে প্রতিবেশী দেশ পোল্যান্ডে। এ ছাড়া হাঙ্গেরি, রোমানিয়া, স্লোভাকিয়াসহ রাশিয়ায়ও লাখ লাখ ইউক্রেনীয় প্রবেশ করেছেন।
এ ছাড়া ইউক্রেনীয় শরণার্থী ও তাদের আশ্রয়দাতা দেশগুলোর জন্য কয়েক বিলিয়ন ডলারের অর্থসহায়তা অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র।
