খেলাধূলা ডেস্ক :
পিএসজির সঙ্গে গত মৌসুমটা ভালো যায়নি লিওনেল মেসির। ৩৪ ম্যাচে সব মিলিয়ে ১১ গোল করেছেন তিনি। যে কারণে শ্রেষ্ঠ ফুটবলারের তকমা পাওয়া এ তারকাকে নিয়ে সমালোচনাও কম হয়নি। তবে তার পিএসজি সতীর্থ অ্যান্ডার হেরেরা বলছেন, শট পোস্টে লেগে ফিরে না আসলে মেসির গোল আরও বেশি হতে পারত। হেরেরা আরও বলেন, মেসি মৌসুমপ্রতি ৫০ গোল করতে না পারলেই নাকি তাকে নিয়ে সমালোচনা শুরু হয়।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএসকে হেরেরা বলেন, ‘মেসির কাছ থেকে মানুষ মৌসুমপ্রতি ৫০ গোল আশা করে। ৫০ গোল না হলেই তারা কথা বলতে শুরু করে। আমাদের ভুলে যাওয়া উচিত হবে না, লিগ ওয়ানের এ মৌসুমে কিন্তু ওর ১০টি শট বার পোস্টে লেগে ফিরে এসেছে। আরও ১০টি গোল বেশি হলে কিন্তু সেটা মেসির জন্য দারুণ হতো।’
গোল খরায় থাকলেও মেসিকে শ্রেষ্ঠ বলে অ্যাখ্যা দিয়েছেন হেরেরা। তিনি বলেন, ‘কোনো আলোচনা ছাড়াই আমার জন্য ও সর্বকালের সেরা। আমি শুধু চিন্তা করি, কীভাবে ও এত ভদ্রভাবে জীবন যাপন করে! সব সময় মানুষের জন্য ওর একটা হাসি আছেই।’
বার্সেলোনা ছেড়ে ২০২১ সালের আগস্টে পিএসজিতে যাওয়া মেসি আসন্ন মৌসুমে ফর্ম ফিরে পাবেন বলে মনে করেন হেরেরা। হেরেরার মতে, এ ক্ষেত্রে এমবাপ্পেও নাকি সুবিধা পাবেন মেসির কাছ থেকে। তিনি বলেন, ‘এমবাপ্পে মেসির কাছ থেকে অনেক কিছু পেতে পারে। মেসি শুধু বলটা জায়গা মতো দেবে, আর এমবাপ্পে তার গতি দিয়ে সবকিছু জয় করবে। এমবাপ্পের শক্তির জায়গাটাই তার গতি।’
হেরেরা আরও বলেন, ‘মেসির হয়তো প্রতি মৌসুমে আর ৫০ গোল দরকার নেই। এটা অনেকটা ক্রিস্টিয়ানো রোনালদোর মতো। কারণ তারা কখনো তাদের লেভেলের নিচে নামে না।’
