হোম অর্থ ও বাণিজ্য হিলিতে বেড়েছে চালের দাম

বাণিজ্য ডেস্ক :

সরবরাহ ঠিক থাকলেও হিলির আড়তগুলোতে বেড়েছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চালের দাম বেড়েছে ৫ থেকে ৭ টাকা। ব্যবসায়ীরা বলছেন, মিলগুলো চালের দাম বৃদ্ধি করার কারণেই চালের বাজারে এর প্রভাব পড়েছে। এদিকে হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

শনিবার (০২ এপ্রিল) দুপুরে হিলির চালের বাজারে সরেজমিনে দেখা যায়, প্রতিটি দোকানেই পর্যাপ্ত পরিমাণে চিকন-মোটা সব জাতের চাল রয়েছে। তবে দাম ঊর্ধ্বমুখী। সপ্তাহের ব্যবধানে কেজিতে ৭ টাকা বেড়ে ৫৫ টাকা কেজির ‘মিনিকেট জাতের’ চাল বিক্রি হচ্ছে ৬২ টাকা দরে। আটাশ জাতের চাল কেজিতে ৬ টাকা বেড়ে ৪৪ টাকা কেজির চাল বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে।

চাল কিনতে আসা কয়েকজন বলেন, হিলি বাজারে হঠাৎ করে চালের দাম বৃদ্ধি পাওয়ায় নিম্ন আয়ের মানুষের সমস্যায় পড়তে হচ্ছে। চালের সরবরাহ ঠিক থাকার পরও কেন চালের দাম বাড়ছে, এটি প্রশাসনের খতিয়ে দেখা দরকার।

আরেকজন ক্রেতা বলেন, সব চালের দাম কেজিতে ৬ থেকে ৭ টাকা বেড়েছে। চাল, তেলসহ দ্রব্য মূল্য যেভাবে লাগামহীনভাবে বাড়ছে, আমাদের আয় তো বাড়েনি, তাই আমাদের সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে। এভাবে দাম বাড়ায় আমাদের নিম্ন আয়ের মানুষের বিপাকে পড়তে হচ্ছে। এদিকে আবার হঠাৎ করে চালের দাম বেড়েছে। এতে আমাদের সমস্যা হচ্ছে, দাম কমে এলে আমাদের জন্য অনেক ভালো হয়। ভালোভাবে সংসার চালাতে পারি।

এদিকে চালের বাজারের পাইকারি ব্যবসায়ী বাবুল হোসেন বলেন, সম্প্রতি মিলগুলোতে চিকন চালের দাম হঠাৎ করে বাড়িয়ে দেওয়া হয়েছে। দাম বাড়ার কারণে মিল থেকে আমাদের বেশি দামে চাল কিনতে হচ্ছে। যার প্রভাব পড়েছে আড়তগুলোতে। আমরা যে দামে চাল কিনছি, তার চেয়ে কেজিতে ৫০ পয়সা থেকে এক টাকা লাভে বিক্রি করছি। চালের দাম বৃদ্ধির কারণে বেচাকেনা অনেকটা কমেছে। তবে সরবরাহ বাড়লে দাম আবারও কমে আসবে বলে জানান তিনি।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন