বাণিজ্য ডেস্ক :
হিলি বাজারে কাঁচা মরিচের দাম অর্ধেকে নেমে এসেছে। প্রতি কেজিতে ২০ টাকা পর্যন্ত কমেছে। বাজারে সরবরাহ বাড়ায় পণ্যটির দাম কমে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে নিত্যপণ্যটির দাম কমায় নিম্ন আয়ের মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।
বুধবার (২০ এপ্রিল) সকালে হিলি বাজারে সরেজমিনে দেখা যায়, প্রত্যেকটি দোকানে ঝুড়িভর্তি কাঁচা মরিচ সাজিয়ে রাখা হয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ বেশি হওয়ায় কাঁচা মরিচের দাম কমে গেছে। এতে প্রতি কেজি কাঁচা মরিচ ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
দোকানিরা জানান, কাঁচা মরিচের দাম কমায় ভালো বিক্রি হচ্ছে। সেই সঙ্গে ক্রেতারাও বেশি পরিমাণে কিনছেন।
কাঁচা মরিচের দাম কমার বিষয়ে সবজি দোকানি সোহেল রানা বলেন, বাজারে সব ধরনের সবজির সরবরাহ অনেক বৃদ্ধি পেয়েছে। এতে দামও কমে গেছে। কিন্তু কাঁচা মরিচের দাম অর্ধেকে নেমে এসেছে। নিত্যপণ্যটি মাত্র ২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এতে কাঁচা মরিচের বিক্রি বেড়েছে।
তিনি আরও বলেন, রমজানের শুরুতে কাঁচা মরিচ ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এ ছাড়া গত সপ্তাহে ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তবে এক সপ্তাহের ব্যবধানে আজ ২০ টাকা কেজি দরে বিক্রি করছি।
কাঁচা মরিচ ক্রেতা করিম বলেন, রমজানের শুরুতেই নিত্যপণ্যের বাড়তি দাম নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিলাম। তবে সবজির দাম কমায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে। কাঁচা মরিচের দাম অর্ধেকে নেমেছে। প্রতি কেজি ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। তাই এক কেজি কিনেছি। দাম কমায় অনেক ভালো লাগছে। এমন দাম থাকলে আমাদের মতো সাধারণ মানুষের বেশ উপকার হয়।
