হোম খেলাধুলা হারের পর মুমিনুল বললেন, পরের বার ভালো করতে হবে

খেলাধূলা ডেস্ক :

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। শুক্রবার (২৭ মে) দ্বিতীয় টেস্টে মুমিনুল বাহিনীর হার ১০ উইকেটে। ঘরের মাঠে লজ্জাজনক এ হারের পর বাংলাদেশ দলপতি জানালেন, শ্রীলঙ্কা টাইগারদের চেপে ধরেছিল। সেই চাপ তারা সামলাতে পারেননি। কিন্তু পরের সিরিজগুলোতে এসব পরিস্থিতি সামাল দিতে ভালো খেলার ওপর জোর দিলেন তিনি।

সবাই ভেবেছিল ঘরের মাঠে লঙ্কানদের হারিয়ে সিরিজ সেরার ট্রফি উঁচিয়ে ধরবে বাংলাদেশ। কিন্তু হলো তার সম্পূর্ণ উল্টো। প্রথম ম্যাচে ড্র হলেও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে লজ্জাজনকভাবে ১০ উইকেটে হারিয়েছে দিমুথ করুনারত্নেরা। লজ্জাজনক এ হারে দায় আছে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের। যদিও মুশফিকুর রহিম, লিটন দাস ও সাকিব আল হাসানরা মাঝে মাঝে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত হারই সঙ্গী হলো রাসেল ডমিঙ্গোর শিষ্যদের। এ সিরিজে মুমিনুল ছিলেন সবচেয়ে বাজে ফর্মে।

লঙ্কানদের বিপক্ষে ২ ম্যাচে মুমিনুল করেছেন মাত্র ১১ রান। এমন পারফরম্যান্সের পর ম্যাচ শেষে তিনি বলেন, নতুন বলে ওরা আমাদের অনেক চাপে ফেলে দিয়েছিল। পরবর্তী সময়ে আমরা এমন পরিস্থিতি ভালোভাবে সামাল দেয়ার চেষ্টা করব। এটা সবটাই মানসিকতার ওপর নির্ভর করে। পরের সিরিজে কামব্যাক করতে হলে মানসিকভাবে আমাদের আরও শক্তিশালী হতে হবে।

বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে মুশফিক-লিটনই আধিপত্য দেখিয়েছেন। তাদেরও প্রশংসা করলেন টাইগার দলপতি। তিনি বলেন, আমাদের পারফরম্যান্স খুবই হতাশাজনক হয়েছে। কিন্তু কিছু পজিটিভ দিকও ছিল। রহিম ভাই ও লিটন অনেক ভালো ব্যাট করেছে। তবে আমাদের বোলিংয়ে আরও উন্নতি করতে হবে। বিশেষ করে পেসারদের উন্নতি করতেই হবে।

এ সিরিজে সবচেয়ে বেশি রান শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউসের। ২ ম্যাচে ৩৪৪ রান করেছেন তিনি। সর্বোচ্চ রানের পরের দুটি তালিকায় মুশফিক ও লিটন। এর মধ্যে মুশি ৩০৩ ও লিটন ২৮১ রান করেছেন। অন্যদিকে বোলিংয়ে আধিপত্য দেখিয়েছেন লঙ্কান পেসাররা। ফার্নান্দো ১৩ ও রাজিতা নিয়েছেন ১১ উইকেট। বাংলাদেশের পক্ষে সাকিব ৯, নাঈম হাসান ৬ ও তাইজুল ইসলাম ৫টি উইকেট শিকার করেন।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন