জাতীয় ডেস্ক :
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোনোভাবেই সড়ক ও মহাসড়কের উপর কোরবানির পশুর হাট বসানো যাবে না এবং ফিটনেসবিহীন গাড়িতে পশু পরিবহন করা যাবে না।
রোববার (৩ জুলাই) বিকেলে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে প্রস্তুতি সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। ওবায়দুল কাদের তার বাসভবন থেকে প্রস্তুতি সভায় ভার্চুয়ালি যুক্ত হন।
সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরিসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকতারা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফিটনেসবিহীন গাড়িতে কোরবানির পশু পরিবহন করা যাবে না, সংশ্লিষ্টদের এমন নির্দেশনা দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এ বিষয়ে কড়া নজরদারি বাড়াতে হবে এবং প্রত্যেক জেলা প্রশাসন, হাইওয়ে পুলিশকে সক্রিয় থাকতে হবে।
পদ্মা সেতু চালু হওয়ায় অনেক পশুবাহী যানবাহন এ পথে ঢাকায় আসবে, বিষয়টি বিবেচনায় রাখার উপর গুরুত্বারোপ করে ওবায়দুল কাদের বলেন, এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ বাড়বে। তাই চাপ সামলাতে এক্সপ্রেসওয়ের টোল প্লাজা, পদ্মা সেতু, বঙ্গবন্ধু সেতু এবং মেঘনা ও গোমতি সেতুর টোল প্লাজায় বুথ সংখ্যা বাড়াতে হবে।
এবারের ঈদে চ্যালেঞ্জ হিসেবে বৃষ্টি আসবে, ধীরগতির পশুবাহী যানবাহন, ফিটনেসবিহীন গাড়িতে পশু পরিবহন, সড়কের পাশে পশুর হাট এবং করোনা সংক্রমণ – এ সকল চ্যালেঞ্জ উত্তরণে সকল অংশীজনের মাঝে সমন্বয় সাধন করতে হবে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সবাইকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
ওবায়দুল কাদের বলেন, ঈদে করোনা সংক্রমণ আরো বাড়তে পারে তাই ঘরমুখো মানুষকে পরিবহনে যাতায়াতে বাধ্যতামূলক মাস্ক পড়তে হবে এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের আরো সতর্ক থাকতে হবে।
দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে একটি মহল তৎপর, তাদের থেকেও সতর্ক থাকার নির্দেশনা দিয়ে ওবায়দুল কাদের বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে শেখ হাসিনার নেতৃত্বে সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে পারব।
সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের পরিবহন সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, যানবাহন চলাচলে সতর্ক থাকতে হবে। সড়কে গাড়ি যাতে বিকল না হয় সেদিকে নজর রাখতে হবে।
ওবায়দুল কাদের কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, যানবাহনে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে।
তিনি বলেন, ঈদের আগে যতটা সতর্ক থাকা হয় ঈদের পরে ততটা সতর্ক না থাকায় সড়কে দুর্ঘটনা বেশি হয়, তাই এ বিষয়েও নজর দিতে হবে।
মন্ত্রী ঈদ উপলক্ষে ২৪ ঘণ্টা সিএনজি স্টেশনগুলো খোলা রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিও অনুরোধ জানান।
