জাতীয় ডেস্ক :
বরগুনা শহরে বেড়েছে অনুমোদনহীন ব্যাটারিচালিত রিকশার দৌরাত্ম্য। অদক্ষ চালকের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ব্যাটারি চার্জ দিতে বেড়েছে বিদ্যুৎ চুরিও। এ অবস্থায় রীতিমতো হিমশিম খাচ্ছে বিদ্যুৎ বিভাগ।
জানা গেছে, গুরুত্বপূর্ণ সড়ক দখল করে যত্রতত্র স্ট্যান্ড করে রাখা হয় এসব রিকশা। এতে সড়কে ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষের। অনেক সময় ঘটছে দুর্ঘটনাও। তাই দ্রুত অনুমোদনহীন এসব অটোরিকশা বন্ধে প্রশাসনের ব্যবস্থা চান এলাকাবাসী।
এসব রিকশার কারণে বেড়েছে বিদ্যুৎ চুরিও। যা প্রতিহত করতে হিমশিম খেতে হচ্ছে বিদ্যুৎ বিভাগকে বলে জানান বরগুনার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী অতীত বিশ্বাস।
তিনি বলেন, অনেক সময় অটোরিকশায় তারা আবাসিক মিটার দিয়ে চার্জ দেন। এতে সরকারের রাজস্বের ব্যাপক ক্ষতি হচ্ছে।
বরগুনা জেলা পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিক বলেন, একার পক্ষে এসব ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ করা সম্ভব নয়। যদি অটোরিকশাকে অপসারণ করতে হয়; তাহলে জেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় মেয়রের প্রতিনিধি ও পুলিশ সদস্যদের মিলে করতে হবে।
বরগুনার ছয়টি উপজেলায় অনুমোদনহীন অন্তত ১৫ হাজার ব্যাটারি চালিত রিকশা চলাচল করছে।
