জাতীয় ডেস্ক :
তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভোলায় ছাত্রদলের দুই নেতা হত্যাকাণ্ডের প্রতিবাদে নোয়াখালীর সোনাইমুড়ীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
এসময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন।
শনিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টা থেকে এ খবর লেখা পর্যন্ত (সোয়া ৪টা) সোনাইমুড়ী বাজারে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং পাল্টাপাল্টি মিছিল চলছিল। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভোলায় ছাত্রদলের দুই নেতা হত্যাকাণ্ডের প্রতিবাদে সোনাইমুড়ী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে উপজেলা বিএনপি। বিকেলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে আসার পথে বিভিন্নস্থানে তাদের বাধা দিতে থাকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে উভয় পক্ষের নেতকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
এর কিছুক্ষণ পর শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং সংঘর্ষ। এসময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। সংঘর্ষ ও উভয় পক্ষের ইটপাটকেলের আঘাতে অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়েছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো বাজারে।
