জাতীয় ডেস্ক :
রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী। বুধবার (২ মার্চ) বিকেলে সিটি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষে সাভারের উদ্দেশে যাচ্ছিল একটি বাস। এ সময় সহপাঠীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর সময় ছিনতাইকারীকে ধরার চেষ্টা করলে শিক্ষার্থী মাহবুবুর রহমানকে ছুরিকাঘাত করে ছিনতাইকারী।
আহত মাহবুবুর রহমান ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) চতুর্থ বর্ষের এবং একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সায়েন্স ল্যাব পার হয়ে আড়ং শোরুমের সামনে এলে দুই ছিনতাইকারী জানালা দিয়ে এক ছাত্রীর মোবাইল ফোন নিয়ে দৌড় দেয়। এ সময় ছিনতাইকারীকে ধরতে বাস থেকে নেমে দৌড়ে এক ছিনতাইকারীকে ধরে ফেলেন মাহবুবুর ও ওমর ফারুক। এ সময় ছিনতাইকারী মাহবুবের মাথায় ছুরিকাঘাত করে। আহত শিক্ষার্থীকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, আহত মাহবুবের বাঁ-কানের ওপর ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তবে তা গুরুতর নয়।
ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) একরাম আলী মিয়া সংবাদমাধ্যমকে বলেন, একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এক ছিনতাইকারীকে গণধোলাই দেওয়া হয়েছে। তাকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজন থানায় আছে।
