জাতীয় ডেস্ক :
ধর্মীয় ও জাতিগত ভেদাভেদ যাতে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ ক্ষুণ্ন করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার (১৮ আগস্ট) বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ।
সকল ধর্মের মূল বাণী মানুষের কল্যাণ উল্লেখ করে তিনি বলেন, আদিকাল থেকেই এ দেশে প্রতিটি ধর্মীয় উৎসব সাধারণ মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হয়ে আসছে।
রাষ্ট্রপ্রধান বলেন, করোনা মহামারি ও বিশ্বব্যাপী বর্তমান অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করতে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা দিচ্ছে। সমাজের দরিদ্র জনগোষ্ঠী যাতে জন্মাষ্টমীর উৎসবে শামিল হতে পারে সেজন্য সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান আবদুল হামিদ।
সাক্ষাৎকালে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এবং সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, ড. বীরেন শিকদার ও পংকজ দেবনাথ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান এসময় উপস্থিত ছিলেন।
